২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ টেস্টে ধরা পড়লেন জাভিয়ের মার্শাল

এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘোর দুঃসময়। একের পর এক ম্যাচ আর সিরিজ হেরে তারা পড়ে আছে আইসিসি র‌্যাংকিংয়ের নিচের দিকে। ঠিক এমন সময়ে জাভিয়ের মার্শালের দুঃসংবাদটা ক্যারিবীয়দের জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত। দুঃসংবাদটা হলো ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ ওপেনার মার্শাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নয়াদিল্লী, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘোর দুঃসময়। একের পর এক ম্যাচ আর সিরিজ হেরে তারা পড়ে আছে আইসিসি র‌্যাংকিংয়ের নিচের দিকে। ঠিক এমন সময়ে জাভিয়ের মার্শালের দুঃসংবাদটা ক্যারিবীয়দের জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত। দুঃসংবাদটা হলো ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ ওপেনার মার্শাল। আগামী ১ নভেম্বর স্ট্যামফোর্ড টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচের বিজয়ীর হাতে উঠবে ২ কোটি মার্কিন ডলারের লোভনীয় পুরস্কার। ঐ ম্যাচের জন্যই গত মাসে অ্যান্টিগায় দু সপ্তাহের ক্যাম্পের আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। সেই ক্যাম্পেই করা ড্রাগ টেস্টে দু জন পজিটিভ হয়েছেন --- মার্শাল আর লিওয়ার্ড আইল্যান্ডসের টনিটো উইলেট। যদিও তারা কোন ড্রাগ নিয়েছেন তা এখনো জানা যায়নি। ডব্লুআইসিবি'র প্রধান নির্বাহী ডোনাল্ড পিটার্স জানিয়েছেন দুই 'অপরাধী'র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড। তবে অ্যাটর্নিদের পরামর্শ শুনেই সিদ্ধান্তটা তারা নেবেন, "তারা (অ্যাটর্নিরা) ব্যাপারটা দেখছেন। তারাই আমাদের শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেবেন। ড্রাগের ব্যাপারে ডব্লুআইসিবি'র নীতিমালা খুবই কঠোর। এই ব্যাপারটা ডিসিপ্লিনারি কমিটির কাছে পেশ করা হতে পারে। আমরা মনে করছি দুই সপ্তাহ সময়সীমার মধ্যে চূড়ান্ত হয়ে যাবে ব্যাপারটা।" স্ট্যানফোর্ড সুপার স্টারস নাম নিয়ে খেলতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ৩২ জনের প্রাথমিক দলে সুযোগ পেলেও ১৬ সেপ্টেম্বর অনুল্লেখিত কারণ দেখিয়ে দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে মার্শালকে। বয়স মাত্র ২২, চারটি টেস্ট ও ১৮টি ওয়ানডের বেশি খেলার সুযোগও পাননি। হয়তো আর পাবেনও না। ডোপিংয়ের কলঙ্ক মাথায় নিয়েই সম্ভবত ক্রিকেট থেকে নির্বাসনে চলে যেতে হচ্ছে জাভিয়ের মেলবোর্ন মার্শালকে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.