২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের সমর্থন করছে না ক্রিকেটার্স কল্যাণ সমিতি

ক্রিকেটার্স কল্যাণ সমিতি মনে করে বিদ্রোহী ৬ ক্রিকেটার যা করেছেন তা কোনোভাবেই পেশাদারিত্বের সঙ্গে যায় না। আর তাই তারা তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের ভুল পথ ছেড়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ধানমন্ডির পানশি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই তাদের অবস্থান ব্যাখ্যা করল দেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্বশীল সংগঠনটি। সংক্ষেপে কোয়াব নামে পরিচিত সংগঠনটির পক্ষে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান, সহ-সভাপতি এবং আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্রিকেটার্স কল্যাণ সমিতি মনে করে বিদ্রোহী ৬ ক্রিকেটার যা করেছেন তা কোনোভাবেই পেশাদারিত্বের সঙ্গে যায় না। আর তাই তারা তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের ভুল পথ ছেড়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ধানমন্ডির পানশি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই তাদের অবস্থান ব্যাখ্যা করল দেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্বশীল সংগঠনটি। সংক্ষেপে কোয়াব নামে পরিচিত সংগঠনটির পক্ষে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান, সহ-সভাপতি এবং আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ অন্যান্য নেতৃবৃন্দ। 'তারা অবসরের চিঠিতে যেসব কারণ দেখিয়েছেন সেগুলো একেবারেই শিশুসুলভ কারণ। আমরা মনে করি এটা তাদের পেশাদরি মানসিকতার অভাবের কারণে হয়েছে। আশা করি তারা ভুল বুঝে এই পথ থেকে ফিরে আসবেন''--- বললেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তার কাছে খেলোয়াড়দের যুক্তিগুলোকে শিশুসুলভ মনে হচ্ছে কারণ,''একজন বলেছেন জাতীয় দলের বিদেশী কোচ নাকি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এখানে আমরা যারা বসে আছি তাদের প্রায় প্রত্যেকেই বিদেশী কোচের নানান আপত্তিকর আচরণের শিকার হয়েছেন বিভিন্ন সময়। কিন্তু তার মানে কি এই যে জাতীয় দল ছেড়ে দিতে হবে।'' ইঙ্গিতটা পরিষ্কারভাবেই হাবিবুল বাশারের দিকে, যেমন ইঙ্গিতে তিনি খণ্ডন করেছেন শাহরিয়ার নাফীসের যুক্তিকেও,''একজন বলেছেন যে তার দলে থাকার নিশ্চয়তা নেই। আমরা কিন্তু দেখেছি তিনি গত কয়েকটা সিরিজেই দলে ছিলেন। আর আমরা মনে করি দলে থাকার নিশ্চয়তা কেউ কাউকে দিতে পারে না, সেই নিশ্চয়তা হলো তার ব্যাট এবং তার পারফরম্যান্স।'' ক্রিকেটারদের কল্যাণের জন্য যে সংগঠন তাদের অবস্থান পরিষ্কারভাবেই বিদ্রোহী ক্রিকেটারদের বিপক্ষে। সভাপতি নাঈমুর রহমানের কাছে তাই প্রশ্নটা এল অন্য দৃষ্টিকোণ থেকে। কোয়াব ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সদস্য এবং ফিকা সবসময় খেলোয়াড়দের স্বাধীনতার কথা বলে। সে হিসেবে ক্রিকেটারদের স্বাধীন চিন্তার পথে বাধা হয়ে দাঁড়ানোটা কি যৌক্তিক হচ্ছে? নাঈমুর রহমানের উত্তর,''আমরা বিষয়টা দেখছি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। আমাদের এমনিতেই রিসোর্স কম, মানসম্পন্ন ক্রিকেটারের সংখ্যা সীমিত। সেখানে এ ধরনের ঘটনা ঘটলে সেটা তো দেশের ক্রিকেটকেই পিছিয়ে দেবে। তারা খেলোয়াড় কল্যাণ সমিতির মাধ্যমেও আলাপ করতে পারত। আমরা প্রস্তাবের বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে পারতাম।'' আরেকটা প্রশ্ন টাকার অংক। বিশাল এই অংক খেলোয়াড়দের মাথা ঘুরিয়ে দিয়েছে বলেই অধিকাংশের বিশ্বাস। আর তাই জানতে চাওয়া হলো বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা যে টাকা পান সেটা যথেষ্ট কিনা? আমিনুল মনে করেন যথেষ্টই,''আমি ভারতের সঙ্গে তুলনা করবো না। করাটা ঠিকও হবে না। করতে হবে বাংলাদেশের মানদণ্ডে। আর সেই হিসেবে তারা শুধু ভালো টাকাই পায় না, তারা যথেষ্ট মর্যাদাও পায়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৪৩০ঘ.