ঢাকা, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চুক্তিবদ্ধ সাত ক্রিকেটার যোগ দিচ্ছেন বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে। তাদের মতো অন্যরাও তলে তলে অর্থের প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন না তো? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন আশঙ্কায় থাকা বিচিত্র নয়। একারণেই সোমবার চুক্তিবদ্ধ বাকি ক্রিকেটারদের ডেকে পাঠানো হয়েছিল। এবং মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির কর্পোরেট অফিসে হাজিরা দিয়ে ক্রিকেটাররা আশ্বস্ত করেছেন যে তারা আইসিএল নামের মোহের কাছে হার মানছেন না কিছূতেই। আর বিসিবিও তাদের নিশ্চয়তা দিয়েছে যে, হাবিবুল বাশাররা আইসিএলের সঙ্গে তিন বছরের চুক্তি থেকে দেড় কোটি টাকা পেতে পারেন ঠিকই। তবে আগামী তিন বছর বাংলাদেশের হয়ে খেললে তাদের আয়-রোজগারও এর চেয়ে কম হবে না কোনো অংশে।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু সেরকমই জানালেন, "আমরা ওদের সামনে বাংলাদেশ দলের আগামী তিন বছরের ক্রিকেট সূচী মেলে ধরেছি। ওরা দেখেছে কতোগুলো ওয়ানডে এবং টেস্ট আছে। হিসাব করে দেখানো হয়েছে এই তিন বছর জাতীয় দলের হয়ে খেললে ওদের প্রত্যেকের কমপক্ষে সোয়া থেকে দেড় কোটি টাকা আয়ের সুযোগ আছে। এবং বর্তমান বেতন ও বোনাস কাঠামোতেই সেটা সম্ভব।" বিপুল অর্থের হাতছানিতে বেশ ক'জন ইতিমধ্যেই আইসিএলে যোগ দেওয়া পাকাপাকি করে ফেলেছেন একরকম। এই অবস্থায় চুক্তিবদ্ধ বাকি ক্রিকেটারদের বাড়তি বেতন-বোনাসের প্রতিশ্র"তিও দেওয়া হয়েছে বলেই মনে হল লিপুর কথায়, "ওদেরকে আমরা হিসাবটা দিয়েছি বর্তমান কাঠামো অনুযায়ীই। সময়ের সঙ্গে সঙ্গে এই কাঠামোতেও নিশ্চয়ই পরিবর্তন আসবে এবং অঙ্ক বাড়বে।"
চুক্তিবদ্ধ বাকি ক্রিকেটারদের মধ্যে নয়জন এদিন এসেছিলেন বিসিবিতে। এদের মধ্যে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন অবকাশযাপনে আছেন ইংল্যান্ডে। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিকটাত্মীয়ের অসুস্থতার জন্য আসতে পারেননি। তামিম ইকবাল চট্টগ্রামে থাকায় তিনিও ছিলেন না। পেসার সাজিদুল ইসলাম একাডেমী দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কায়। এরা ছাড়া সোমবার হাজিরা দিয়েছেন সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, শাহাদাত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেল। তারা প্রত্যেকেই নাকি এক বাক্যে প্রতিশ্র"তি দিয়েছেন, আইসিএলের হাতছানি কোনোভাবেই পথভ্রষ্ট করবে না তাদের। ক্রিকেট অপারেশন্সের সামনে তাদের কয়েকজনের ভাষ্য এখানে তুলে ধরা হল :
সাকিব আল হাসান : আইসিএলে তো কোনো 'এক্সাইটমেন্ট'ই নেই। ওটা দেখানো হয় একটা মাত্র টেলিভিশন চ্যানেলে। আর আমি যখন জাতীয় দলের হয়ে খেলি, কতো দেশের কতো টেলিভিশনে আমাকে দেখা যায়। তাই আইসিএল নিয়ে চিন্তার কোনো সুযোগই নেই।
মুশফিকুর রহিম: আমি ছোটোবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতাম। আর এখন জাতীয় দলের হয়ে খেলে বুঝছি, এখানে খেললে অর্থ এবং সন্মান দুটোই পাওয়া যায়। যেটা আমি আইসিএলে খেললে পাবো না।
আব্দুর রাজ্জাক : আমাদের ক্রিকেটাররা আইসিএলে যাচ্ছেন, এটা জানাজানি হওয়ার পর অনেক ফোন পেয়েছি। বিশেষ আমার নিকটাত্মীয় ও প্রিয়জনরা ফোন করে আমাকে সতর্কও করে দিয়েছেন যেন আমি কোনোভাবেই আইসিএলের সঙ্গে সম্পৃক্ত না হই। তাহলে তারা আমাকে ধিক্কার জানাবেন। আমি কেন আইসিএলে চিন্তা করে প্রিয়জনদের হারাতে যাবো?
তাদের মতো অন্যরাও আম্বস্ত করেছেন এই দুঃসময়ে তারা বিসিবির চাতাল ছেড়ে যাচ্ছেন না। বরং দেশের হয়ে খেলাকেই তাদের ধ্যান-জ্ঞান বলে জানিয়েছেন। তবে বিসিবি নিশ্চিত হয়েছে যে অস্ট্রেলিয়ায় দলের চরম বাজে পারফরম্যান্সের পেছনে 'আইসিএল ভাবনা'ও রেখেছে ব্যাপক ভূমিকা। এটা নিয়ে সোমবার উপস্থিতদের প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। তাদের জবাবটা লিপুর মুখ থেকেই জানা গেল, "এখন তো পরিষ্কার যে আইসিএল নিয়ে ভেবে দলের অনেকেই কক্ষচ্যুত হয়েছিল। কিন্তু ওরা জানিয়েছে যে তারা এবিষয়ে অবগত ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.
bdnews24