মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপমহাদেশে অস্ট্রেলিয়ার সফর মানেই কী বাধার পাহাড়? সহিংসতা আর আত্মঘাতী বোমা হামলার জন্য গত মার্চে পাকিস্তান সফরে আসতে রাজি হয়নি তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি এক বছরের জন্য স্থগিত হওয়ার পেছনেও বড় কারণ ছিল পাকিস্তানে আসতে অস্ট্রেলিয়ার আপত্তি। শনিবার দিল্লীতে সিরিজ বোমা বিস্ফোরণের কমপক্ষে ২০ জনের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর নিয়ে একটা শঙ্কা জেগেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ অবশ্য এখনই সফরটা বাতিল করার কথা ভাবছে না। তবে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে একটি নিরাপত্তা বিষয়ক দল পাঠাচ্ছে তারা।
চার টেস্টের সিরিজটা খেলতে আগামী রোববার অস্ট্রেলীয় দলের রওনা দেয়ার কথা। এই সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু দিল্লী, যে টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর থেকে। তবে শুধু ভারতের রাজধানীই নয়, সবগুলো ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্যই সিএ'র এই উদ্যোগ। সিএ'র জনসংযোগ ব্যবস্থাপক পিটার ইয়াং অবশ্য এটাকে 'রুটিন' পর্যবেক্ষণ হিসাবেই দেখতে আগ্রহী, "প্রত্যেক সফরের আগে এ ধরণের পর্যবেক্ষণ একটা স্বাভাবিক নিয়ম। তবে গত রাতের সেই দুঃখজনক ঘটনার জন্যই নিরাপত্তা বিষয়ক নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা নিতে যাচ্ছি।"
তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো আপত্তি নেই। বিসিসিআই'র সেক্রেটারি নিরঞ্জন শাহ অস্ট্রেলীয়দের আশ্বস্ত করে বলেছেন, "দু দলকেই আমরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখবো। সূচী অনুযায়ীই সফরটা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা বিষয়ক দল পাঠালে আমাদের কোনো সমস্যা নেই।"
সোমবার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলবেন সিএ'র দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রেগ ডিকাসন ও মাইকেল ব্রাউন। সেই মিটিংয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক জন কর্মকর্তা এবং ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনারও উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24