২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে পেতে মরিয়া পাকিস্তান

একের পর এক সিরিজ আয়োজনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেটাঙ্গন এখন ভীষণ দুরবস্থার মধ্যে। মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি তাই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি'র আশা, এই প্রস্তাবে সাড়া দিয়ে তাদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে ক্যারিবীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

করাচি, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একের পর এক সিরিজ আয়োজনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেটাঙ্গন এখন ভীষণ দুরবস্থার মধ্যে। মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি তাই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি'র আশা, এই প্রস্তাবে সাড়া দিয়ে তাদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে ক্যারিবীয়রা। চ্যাম্পিয়ন্স ট্রফি এক বছরের জন্য স্থগিত হওয়া পাকিস্তানের জন্য বিশাল এক ধাক্কা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার জন্য দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে আমন্ত্রণ জানিয়েছিল তারা। কিন্তু কোনো দেশই সেই আমন্ত্রণে সাড়া দেয়নি। পিসিবি এর পর শ্রীলঙ্কাকে নিয়ে একটি ওয়ানডে সিরিজ আয়োজনের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। এভাবে একের পর এক সিরিজ স্থগিত বা আয়োজনের উদ্যোগ ভন্ডুল হওয়ায় পিসিবি থেকে শুরু করে পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারই ভীষণ হতাশ। সেই হতাশা থেকে কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিচ্ছিন্ন জাতিতে পরিণত হওয়ার আশঙ্কা পর্যন্ত করেছেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। ক্রিকেটারদের হতাশা দূর করার পাশাপাশি আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজকে প্রস্তাবটা দিয়েছে পিসিবি। পিসিবি'র চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমি জানিয়েছেন, "নভেম্বরে আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজ আমাদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে। এর পর পরই আমাদের এখানে এসে দুটো টেস্ট খেলার জন্য তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।" নাগমি জানিয়েছেন পাকিস্তান আশা করছে ওয়েস্ট ইন্ডিজ তাদের এই প্রস্তাবে সাড়া দেবে। এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডকেও পাওয়ার আশা করছে পিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩৮ঘ.