ঢাকা, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ক্ষতিটা কার হলো বেশি? অ্যান্ড্রু সাইমন্ডসের, নাকি আসলে অস্ট্রেলিয়া দলেরই, এ প্রশ্ন এখন উঠতেই পারে। ক্রিকইনফো জানিয়েছে, ডারউইনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর দিন সকালে মাছ ধরতে গিয়ে দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডারকে ভারত সফরের দলেও রাখেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
স্পিনের বিপক্ষে ভালো খেলেন বলে সুনাম আছে, আর গত এক বছরে টেস্টে তার ব্যাটিং গড় (৭৭.৭০) বলছে দারুণ ফর্মেও ছিলেন তিনি। তার ওপর সাইমন্ডস নিজেও আবার স্পিন করতে জানেন। সব মিলিয়ে ভারত সফরের দলে তাকে পেতে চাইবে যে কোনো দলই। কিন্তু অস্ট্রেলিয়া তো আর যে কোনো দল নয়! ক্রিকেটের প্রতি তার কমিটমেন্ট পুরোপুরি না ফেরা পর্যন্ত তাই সাইমন্ডসকে দলের বাইরে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ভারত সফরের দলের ভারসাম্যটা একটু ব্যাহত হলেও।
বাদ পড়া সাইমন্ডসের জায়গায় প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন আইপিএলে দুর্দান্ত খেলা অলরাউন্ডার শেন ওয়াটসন। তবে শুক্রবার ঘোষিত ১৫ জনের দলে চমক আছে আরো।
সাইমন্ডসকে নিয়ে আলোচনাটা না থাকলে সবচেয়ে বড় চমক হতে পারতো ব্রুস ম্যাকগেইনের অন্তর্ভুক্তি। ৩৬ বছর বয়সী এই লেগস্পিনার দু বছর আগেও কাজ করতেন ব্যাংকের কেরানি হিসেবে। না করে উপায় কি! শেন ওয়ার্ন, কলিন মিলার আর ক্যামেরন হোয়াইটদের মতো স্পিনারদের কারণে ভিক্টোরিয়া রাজ্য দলেই যে জায়গা হতো না তার! তবে সুযোগ পেয়ে গত মৌসুমে ঘরোয়া টুর্নামেন্ট পিউরা কাপে ভালো করেছেন তিনি, ফল হিসেবে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ভারত সফরের সুযোগও পেয়ে গেছেন। সদ্য শেষ হওয়া এই সফরে বৃষ্টি আর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান স্পিনারদের 'পরীক্ষা'র সুযোগটা নষ্ট হয়েছে অনেকটাই, তবে একটা ম্যাচে সুযোগ পেয়ে তিন উইকেট নিয়েছিলেন। আর ওই সফরেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে নিজের ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরেই অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষিক্ত তরুণ স্পিনার বো ক্যাসন। সব মিলিয়ে ম্যাকগেইনের সামনে সুযোগ এসেছে বব হল্যান্ডের পর সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান দলে অভিষেকের। ১৯৮৪ সালে ৩৮ বছর বয়সে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন হল্যান্ড।
প্রথম একাদশে থাকার জন্য ম্যাকগেইনকে লড়তে হবে অফস্পিনার জ্যাসন ক্রেইজার সঙ্গে। তাসমানিয়ার এই তরুণের ফার্স্ট ক্লাস রেকর্ড অবশ্য খুব আশাপ্রদ নয়, নির্বাচক মন্ডলীর প্রধান অ্যান্ড্রু হিলডিচ প্রকাশ্যেই বলে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটেই কখনো এক ইনিংসে পাঁচ উইকেট না পাওয়া ক্রেইজাকে কেবল ভারতের উইকেটের কথা ভেবেই দলে নেওয়া হয়েছে।
এই দুজন ছাড়াও দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আরো দুজন খেলোয়াড়। দুজনই পেস বোলার। 'এ' দলের হয়ে ভারত সফর করা পিটার সিডল আর ডুগ বোলিংগার। তবে ব্রেট লি, মিচেল জনসন ও স্টুয়ার্ট ক্লার্কের মধ্য থেকে কেউ বাদ পড়লেই কেবল প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে তাদের।
আগামী ২১ সেপ্টেম্বর ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল, আর ব্যাঙ্গালোরে প্রথম টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর থেকে।
অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), ম্যাথু হেইডেন, ফিল জ্যাকস, মাইকেল হাসি, মাইকেল ক্লার্ক, সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন (উইকেটকিপার), ব্রেট লি, জ্যাসন ক্রেইজা, মিচেল জনসন, পিটার সিডল, ব্রুস ম্যাকগেইন, স্টুয়ার্ট ক্লার্ক, ডগ বোলিংগার।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচ/১২৪১ ঘ.
bdnews24