২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

''মন খারাপ না করাই হবে বুদ্ধিমানের কাজ''

টেলিফোনে কথা বলতে বলতেই "একটু পরে ফোন করবেন প্লিজ" বলে লাইন কেটে দিলেন। একটু পরে আবার ফোনে ধরতেই জানা গেল রহস্য। তখন দেশের বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেলেই চলছিল সন্ধ্যার খবর। এবং সেগুলোর খেলার খবরের অংশ আসতেই নিয়েছিলেন ফোনালাপের বিরতি। প্রায় সবখানেই দেখলেন বাংলাদেশ দলের দেশে ফেরার খবরের পুরোটা জুড়ে তিনি। "খবরে শুধু আমার কথা আর ছবি। অনেক দিন পর দেশের চ্যানেলের খবর দেখে খুব মজা পেলাম"- মোহাম্মদ আশরাফুল হাসতে হাসতে কথাগুলো বললেন বটে, কিন্তু হাসির আড়ালে দুঃখ লুকিয়ে থাকা বিচিত্র নয়। কারণ অনেকেরই যে লক্ষ্যবস্তু হয়ে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেলিফোনে কথা বলতে বলতেই "একটু পরে ফোন করবেন প্লিজ" বলে লাইন কেটে দিলেন। একটু পরে আবার ফোনে ধরতেই জানা গেল রহস্য। তখন দেশের বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেলেই চলছিল সন্ধ্যার খবর। এবং সেগুলোর খেলার খবরের অংশ আসতেই নিয়েছিলেন ফোনালাপের বিরতি। প্রায় সবখানেই দেখলেন বাংলাদেশ দলের দেশে ফেরার খবরের পুরোটা জুড়ে তিনি। "খবরে শুধু আমার কথা আর ছবি। অনেক দিন পর দেশের চ্যানেলের খবর দেখে খুব মজা পেলাম"- মোহাম্মদ আশরাফুল হাসতে হাসতে কথাগুলো বললেন বটে, কিন্তু হাসির আড়ালে দুঃখ লুকিয়ে থাকা বিচিত্র নয়। কারণ অনেকেরই যে লক্ষ্যবস্তু হয়ে গেছেন তিনি। কোচ জেমি সিডন্স তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। এবং তার মতের অনুসারীও পেয়ে গেছেন অনেক, যারা মনে করেন আশরাফুলের অধিনায়কত্ব কেড়ে নেওয়াতেই সব মুশকিল আসান। কিন্তু বাংলাদেশ দল তো সারা শরীরের ব্যথায় কাতরাচ্ছে। তামিম ইকবালকে বাদ দিলে এই অস্ট্রেলিয়া সফরে আর কেউই ব্যাট হাতে সফল নন। অথচ এই সমস্যার সমাধানে শরীর রেখে মাথা কেটে ফেলার দিকেই বেশি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এটাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। আশরাফুলের অধিনায়কত্ব থাকবে কী থাকবে না, তা নিয়ে অচিরেই বোর্ড সভাও বসতে যাচ্ছে। আশরাফুল নিজেও বোর্ডের ওপরই সবকিছু ছেড়ে দিচ্ছেন, "আমাকে নিশ্চয়ই যোগ্য ভেবেই অধিনায়ক করা হয়েছিল। এখন আমি অধিনায়ক থাকবো কী থাকবো না, এটা পুরোপুরিই বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। তারা যদি মনে করে আমাকে দিয়ে আর হচ্ছে না, তাহলে রাখবে না।" যদিও তার দাবি অধিনায়কত্ব তিনি আগাগোড়াই উপভোগ করে আসছেন, "আমার সমস্যা ব্যাটে। না হলে আর সবকিছু তো ঠিকঠাকমতোই হচ্ছে। এই যেমন বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ডিং সাজানো, এসব তো খারাপ হচ্ছে না।" তবুও যদি বোর্ডের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার বিপক্ষে যায়, তাহলে? উত্তরে মনে হল আশরাফুল মানসিক প্রস্তুতি একরকম নিয়েই রেখেছেন, "সবার আগে আমি কিন্তু একজন ক্রিকেটার। নির্দিষ্ট করে বললে ব্যাটসম্যান। আমাকে আগে রানে ফিরতে হবে। অধিনায়কত্বের বিনিময়ে হলেও আমি রানে ফিরতে চাই।" সেক্ষেত্রে একটুও কী মন খারাপ হবে না তার? এবারো রানে ফেরার তাড়নাটাই খুঁজে পাওয়া গেল তার কথায়, "আগেও বলেছি, আমি সবার আগে একজন ক্রিকেটার, ব্যাটসম্যান। কাজেই অধিনায়কত্ব যদি কেড়ে নেওয়াও হয়, আমি মনে করি মন খারাপ না করাটাই হবে বুদ্ধিমানের কাজ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৩ঘ.