২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে সামর্থ্য প্রমাণের তাগিদ

এবার হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের ম্যাচ! দু' ম্যাচে চরম ব্যর্থতার পর হঠাৎ বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনে পড়েছে নিজেদের সামর্থ্যরে কথা। সেটা প্রমাণ করতেই শনিবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় ডারউনে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এবার হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের ম্যাচ! দু' ম্যাচে চরম ব্যর্থতার পর হঠাৎ বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনে পড়েছে নিজেদের সামর্থ্যরে কথা। সেটা প্রমাণ করতেই শনিবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় ডারউনে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা । অথচ স্বাভাবিক নিয়ম হচ্ছে, শেষের চেয়ে শুরুর দিকেই খেলোয়াড়রা বেশি চাঙ্গা থাকে। বিশ্বাস থাকে নিজেদের সামর্থ্যরে ওপরেও। সেই বিশ্বাসের জায়গাটা অস্ট্রেলিয়া টলিয়ে দিয়েছে প্রথম ম্যাচেই, ওয়ানডেতে বাংলাদেশকে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা দিয়ে ১৮০ রানে হারিয়ে। তারপর দ্বিতীয় ম্যাচে ১১৭ রান করলেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই পারফরম্যান্সের পর চারদিকে যখন ছি-ছি পড়ে গেছে তখনই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক ! সত্যি বড় প্রতিকূল সময়ে মোহাম্মদ আশরাফুল নিজেদের সামর্থ্যের কথা মনে করে দিয়েছেন, "আমরা এখনো নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটা ভীষণ হতাশার একটা সিরিজ। তবে একটি ম্যাচ এখনো বাকি আছে। আশা করি এই ম্যাচে আমাদের ব্যাটিং ক্লিক করবে।" বাংলাদেশের ব্যাটিং কখন-কোথায়- কোন পরিবেশে 'ক্লিক' করবে সেটা আসলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন! ডারউনে প্রথম ম্যাচের আগে দেশের এক ক্রিকেট সাংবাদিক বলেছিলেন ওই উইকেটে বাংলাদেশের ভাল করার সুযোগ আছে। অথচ সেখানেই হলো সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড। বাংলাদেশী ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন দেখে বোধহয় পাড়ার ক্রিকেটাররাও লজ্জা পাচ্ছে! এই প্রথম যেন তাদের ব্যাট হাতে নামিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিতে তারা ব্যাটিং করে একের পর এক কীর্তি (!) গড়ে যাচ্ছেন। সেজন্যই অধিনায়ক সামর্থ্যরে কথা টেনেছেন। আর তা ফুটিয়ে তোলার জন্য আশরাফুলের আহ্বান, "ওপেনাররা ১০/১২ ওভার খেলে গেলে পরের ব্যাটসম্যানরা নিজেদের স্বাভাবিক খেলা খেলে যেতে পারবে, তখন একটা ভদ্রস্থ অবস্থানে পৌঁছানোর সুযোগ থাকে আমাদের। এই সিরিজে একটা ভাল ওপেনিং পার্টনারশিপ এখনো হয়নি ।" বাংলাদেশ অধিনায়ক যখন এসব পরিকল্পনার কথা ভাবছেন তখনো তার মনে চলছে নানা দোলাচল। এমনকি অধিনায়কত্ব হারানোর আশঙ্কাও। খোদ বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সই প্রকাশ্যে তাগিদ দিয়েছেন অধিনায়ক পরিবর্তনের জন্য। তবে আশরাফুল এ নিয়ে ভাবছেন না বলেই জানিয়ে দিয়েছেন। কারণ তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে সামর্থ্য প্রমাণের বিষয়টা। সেটা হলে যে তার অধিনায়কত্বও টিকে যায় ! টাইগার ক্রিকেট ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২৩৩ঘ.