সিডনি, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নবীন ক্রিকেটারদের গড়ে তোলার কাজটা সব সময়ই গুরুত্বপূর্ণ। এবার সেই গুরুদায়িত্বটা সঁপে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের কাঁধে। অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি সেন্টার ফর এক্সেলেন্স এর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চ্যাপেল।
এই পদে তার পূর্বসূরি ছিলেন যিনি, সেই টিম নিলসেন এখন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কোচ। গত বছর নিলসেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সাময়িকভাবে ওই পদে নিয়োগ পেয়েছিলেন তাসমানিয়ার সাবেক কোচ ব্রায়ান ম্যাকফাইডেন।
এর আগে বছর দুয়েকের জন্য ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চ্যাপেল ভাইদের মধ্যে সবচেয়ে বড় গ্রেগ। সেই অভিজ্ঞতা খুব সুখকর ছিল না তার। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত চ্যাপেলের টেস্ট ক্যারিয়ার ছিল দারুণ সফল। সত্তর আর আশির দশকে খেলা ৮৭ ম্যাচে ৭ হাজার ১১০ রানের মালিক গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৪৮টি টেস্টে।
সেন্টার ফর এক্সেলেন্সের কোচ হওয়ার আগে চ্যাপেল ছিলেন ভারতের রাজস্থান ক্রিকেট একাডেমির প্রধান কোচ। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত মোদি জানিয়েছেন, নতুন দায়িত্ব নিলেও পুরনোটাও ছাড়ছেন না চ্যাপেল! "সেন্টার ফর এক্সেলেন্সের পাশাপাশি রাজস্থান একাডেমির হয়েও কাজ করবেন তিনি"- ক্রিকইনফো ওয়েবসাইটকে বলেছেন মোদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪০ ঘ.
bdnews24