২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে ইংল্যান্ড

এই সিরিজটা শুরুর আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা ছিল ছয় নম্বরে, দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে। বুধবার রাতে যখন সিরিজটা শেষ হবে তখন? ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন স্বপ্ন দেখছেন, বুধবার ঘুমোতে যাওয়ার আগেই তার দল হবে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে দল!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

লন্ডন, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এই সিরিজটা শুরুর আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা ছিল ছয় নম্বরে, দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে। বুধবার রাতে যখন সিরিজটা শেষ হবে তখন? ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন স্বপ্ন দেখছেন, বুধবার ঘুমোতে যাওয়ার আগেই তার দল হবে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে দল! সেটা খুব সম্ভব। প্রয়োজন শুধু বুধবার কার্ডিফে আরেকটি জয়। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম চার ম্যাচে স্বাগতিকরা যে দাপট দেখিয়েছে, আর তার বিপরীতে সফরকারীদের যে দীন-হীন চেহারা চোখে পড়েছে তাতে ন্যাটওয়েস্ট সিরিজের শেষ ম্যাচটায় ইংল্যান্ডের না জেতাটাই বরং হবে অঘটন। কেভিন পিটারসেন তাই বলতে পারছেন, "আমরা সাধ্যমতো চেষ্টা করবো সিরিজটা ৫-০তে জিততে। রাত সাড়ে দশটায় ম্যাচ শেষ করে ঘুমোতে যাওয়ার আগে জানবো আমরা বিশ্বের দ্বিতীয় সেরা দল, এর চেয়ে তৃপ্তির ব্যাপার আর কী হতে পারে?" ওয়ানডেতে এর আগে একবারই মাত্র পাঁচ ম্যাচের সিরিজে কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পেরেছিল ইংল্যান্ড। ২০০১ সালের সেই জয়টা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এবারেরটার সঙ্গে তার তুলনা হয় না। এই সিরিজটা শুরুর আগে শুধু ওয়ানডের দ্বিতীয় সেরা দলই ছিল না দক্ষিণ আফ্রিকা, এর ঠিক আগে দুদলের মধ্যকার টেস্ট সিরিজটাও তারাই জিতেছে। কিন্তু কেভিন পিটারসেন দায়িত্ব নেওয়ার পর যেন হঠাৎ করেই বদলে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এই বদলে যাওয়ায় সবচেয়ে বড় অবদান অবশ্য পিটারসেনের নয়। অ্যান্ড্রু ফ্লিন্টফের। এই সিরিজের প্রথম চার ম্যাচ শেষে ব্যাট হাতে তার গড় ১৮৭.০০, বল হাতে ১২.৯০! ইয়ান বেল আর ম্যাট প্রিয়রের ওপেনিং জুটিটাও জমে গেছে, বল হাতে ফ্লিন্টফের মতোই আগুন ঝরাচ্ছেন অনেকদিন পর ওয়ানডে দলে ফেরা স্টিভ হার্মিসন আর স্টুয়ার্ট ব্রড, বাঁহাতি স্পিনার সমিত প্যাটেলও হয়ে উঠেছেন দারুণ কার্যকর অলরাউন্ডার। এদের সবার দুর্দান্ত ফর্ম বুঝতেই দিচ্ছে না ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়া পল কলিংউড রান পাচ্ছেন না। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার বিপদের শেষ নেই। ইনজুরিতে পড়ে নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ তৃতীয় ম্যাচ থেকে দলে নেই, অ্যালবি মরকেল আর মাখায়া এনটিনিকেও পাচ্ছে না তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাক ক্যালিসের ব্যাটিং দেখে মনে হচ্ছে কাজটা ভুলেই যেতে বসেছেন তিনি। সব মিলিয়ে প্রোটিয়াদের দলটা যেন এক ভাঙা হাট। ক্যালিস অবশ্য বলছেন, "আমরা আমাদের ম্যাচের ফল নিয়ে গর্ব করতেই ভালোবাসি। যদিও এই সিরিজে অনেক ইতিবাচক দিকই ছিল, কিন্তু হারটাকে আমরা খুব ভালোভাবে নিই না।" কিন্তু বুধবার জয় নিয়ে মাঠ ছাড়বেন, হোক না সেটা সিরিজ হারার পর মুখ রক্ষার কিংবা সান্ত্বনার জয়, সেটাও গলা বড় করে বলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৫০ ঘ.