ঢাকা, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তিনটি একদিনের, একটি দুই দিনের এবং দুটো চারদিনের ম্যাচ খেলতে ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে গ্রামীণফোন-বিসিবি ক্রিকেট একাডেমী। এই সফরে যাওয়ার আগেই একাডেমীর ক্রিকেটারদের দারুণ অনুপ্রেরণাদায়ী এক ওয়ার্কশপে অংশ নেওয়ার কথা ছিল, যেখানে নিজের ক্রিকেট জীবনের নানা চড়াই-উৎরাইয়ের গল্প শোনাতেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু ব্যক্তিগত কাজের ব্যস্ততার জন্য ঢাকায় আসা হয়নি ভারতীয় দলের সাবেক অধিনায়কের। তবে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাডেমী দল ঘোষণার পর গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান শাকিল কাশেম নিশ্চিত করেছেন, এই সফর থেকে ফেরার পর সুবিধাজনক সময়ে সৌরভের সাহচর্য পাবেন ক্রিকেটাররা।
"সৌরভ আমাদের এখানে আসতে রাজী হয়েছেন। কিন্তু এই মুহূর্তে তিনি লন্ডনে থাকায় একাডেমী দলের শ্রীলঙ্কা সফরের আগেই ওয়ার্কশপটা করা গেল না। দল ফিরে আসার পর ওই ওয়ার্কশপে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও অন্তর্ভূক্ত করা হবে। আমাদের ক্রিকেটারদের স্কিলে সমস্যা নেই। সমস্যা মানসিকতায়, ফিটনেসে এবং ধৈর্য্য।ে আমরা ভেবে দেখেছি এসব নিয়ে সৌরভ খুব ভালো দীক্ষাই দিতে পারবেন। তাছাড়া তিনি ওপার বাংলার লোক। ভাষাগত মিলও তাকে বেছে নেওয়ার একটা কারণ"- বলেছেন শাকিল কাশেম। দল ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ মার্কেট কমিউনিকেশন্স মীর নওবত আলী, বিসিবির দুই নির্বাচক নাঈমুর রহমান দুর্জয় এবং আকরাম খান। প্রায় এক মাসের শ্রীলঙ্কা সফরের জন্য জিপি-বিসিবি একাডেমীর অধিনায়ক করা হয়েছে নাঈম ইসলামকে। আর তার ডেপুটি মার্শাল আইয়ুব।
শ্রীলঙ্কা সফরের জিপি-বিসিবি একাডেমী দল : ইমরুল কায়েস, মাহবুবুল করিম, শামসুর রহমান, নাঈম ইসলাম (অধিনায়ক), ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব (সহ-অধিনায়ক), নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানি, সাজিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম রবীন, রুবেল হোসেন, জিয়াউর রহমান এবং আশিকুল ইসলাম রাজীব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24