ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একেই তো মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। তার ওপর মাঠের বাইরের দুর্দশাও থেমে নেই বাংলাদেশ দলের। ইনজুরি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠিয়েছে ওপেনার নাজিমউদ্দিনকে। এবার ইনজুরির শিকার মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান। ডারউইনে শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং করার সময় বল লেগে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পেয়েছেন তিনি। সেখানে চিড়ও ধরেছে। যার অর্থ রকিবুলের জন্য অস্ট্রেলিয়া সফর একরকম শেষই হয়ে গেছে ধরে নেওয়া যায়।
প্রথম ওয়ানডেতে অভিষিক্ত অস্ট্রেলিয়ান পেসার ব্রেট গিভসের যে বলে আউট হয়েছেন রকিবুল, সেটি আঘাত হেনেছিল তার গ্লাভসে। তাতেই চিড় ধরেছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকম তাদের রোববারের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার বিকেলেই তার আঙ্গুলের এক্স-রে করানো হয়েছে। এবং রোববার সকালে নিশ্চিত হওয়া গেছে যে তাতে আসলেই চিড় ধরেছে। রকিবুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার সকালে তাকে একজন অস্থি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৫ঘ.
bdnews24