২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহরাবের সেঞ্চুরিতে বিপক্ষকে উড়িয়ে দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন সিরিজের আগে ঠিক এমন একটা অনুপ্রেরণাদায়ী জয়ই দরকার ছিল বাংলাদেশের। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নর্দার্ন টেরিটরি মুখ্যমন্ত্রী একাদশকে। এই বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান মেহরাব হোসেন জুনিয়রের। তার অপরাজিত ১৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বল হাতেও মেহরাবের দুর্দান্ত পারফরম্যান্স। তিনি ও অলক কাপালি তিনটি করে উইকেট নেয়ায় ৩৮.২ ওভারে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন সিরিজের আগে ঠিক এমন একটা অনুপ্রেরণাদায়ী জয়ই দরকার ছিল বাংলাদেশের। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নর্দার্ন টেরিটরি মুখ্যমন্ত্রী একাদশকে। এই বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান মেহরাব হোসেন জুনিয়রের। তার অপরাজিত ১৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বল হাতেও মেহরাবের দুর্দান্ত পারফরম্যান্স। তিনি ও অলক কাপালি তিনটি করে উইকেট নেয়ায় ৩৮.২ ওভারে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। তবে দলীয় ১৩ রানে জুনায়েদ সিদ্দিকীকে (১) হারালেও প্রাথমিক ধাক্কা দলকে বুঝতেই দেননি মেহরাব ও তামিম ইকবাল। দু জনের জুটিতে উঠেছে ৮৪ রান। ৭৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৭ রান করে তামিম ফিরে যাওয়ার পর জন্ম ম্যাচের সেরা জুটির। মেহরাব-আশরাফুলের যে জুটি ১৫৮ রান উপহার দিয়েছে বাংলাদেশকে। দু জনেই ছিলেন আক্রমণাত্মক। ৭৭ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৮০ রান করে আশরাফুল ফিরে গেলেও মেহরাবকে আউট করতে পারেনি নর্দার্ন টেরিটরির কোনো বোলার। ১২৯ বলে ১৩২ রানে অপরাজিত থাকার পথে ১৬টি বাউন্ডারি ও তিনটি বিশাল ছক্কা এসেছে এই বাঁহাতির ব্যাট থেকে। ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে নর্দার্ন টেরিটরি। দুই পেসার শাহাদাত হোসেন ও ডলার মাহমুদের একটি করে শিকার এবং একটি রান আউটে স্বাগতিকরা ৩ উইকেটে ৪৯ রানে পরিণত হওয়ার পর শুরু হয় দুই স্পিনারের ঘুর্ণি-জাদু। যে জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে বাঁহাতি স্পিনে ৩১ রানের বিনিময়ে মেহরাবের শিকার তিন উইকেট। ব্যাট হাতে মাত্র ১৪ রান করার দুঃখ অলক অনেকটাই ভুলতে পেরেছেন বোলিংয়ের সাফল্য দিয়ে। লেগস্পিনে ২২ রানের বিনিময়ে তিনিও নিয়েছেন তিন উইকেট। মেহরাব-অলকের দারুণ বোলিংয়ের জন্য প্রায় ১২ ওভার আগেই শেষ নর্দার্ন টেরিটরি মুখ্যমন্ত্রী একাদশের ইনিংস! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৫০ঘ.