কলম্বো, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। বুধবার পাঁচ ম্যাচের এই সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৪৬ রানে হারিয়েছে তারা।
শ্রীলঙ্কার মাটিতে ভারতের এটাই প্রথম ওয়ানডে সিরিজ জয়। এর আগে ১৯৯৩ ও ১৯৯৭ সালের দুটি সিরিজ হেরেছিল তারা আর ১৯৮৫ সালে দুদলের মধ্যকার প্রথম সিরিজটি ছিল ১-১ ম্যাচে অমীমাংসিত।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস ২৫৮ রানে শেষ করে দিয়ে আশা জাগিয়েছিলেন বাঁহাতি পেসার থিলন তুষারা। যেমন শুরু করেছিল ভারত, তাতে এরচেয়ে অনেক বড় স্কোরই হতে পারতো। তবে সফরকারীদের তোলা এই 'মাঝারি' স্কোর তাড়া করতে নেমেও শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কখনো স্বচ্ছন্দ মনে হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিলেন সনাৎ জয়াসুরিয়া। ৫২ বলে ৬০ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, তখন দলের স্কোর ছিল ৭৪! অন্যদের মধ্যে চামারা কাপুগেদারা (৩০) আর তুষারাই (৪০) যা একটু লড়াই করেছেন।
এর আগে এই তুষারাই ক্যারিয়ারের সেরা বোলিং করে ভারতকে আটকে দিয়েছেন ২৫৮ রানে। ৪৭ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, তাঁর পাঁচ শিকারের তিনজন, বিরাট কোহলি (৫৪) সুরেশ রায়না (৭৬) আর মহেন্দ্র সিং ধোনি (৭১) করেছেন হাফসেঞ্চুরি।
চতুর্থ উইকেটে রায়না আর ধোনির ১৪৩ রানের জুটিতে এক পর্যায়ে ৩ উইকেট হারিয়েই ২২৪ রানে পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু এরপর যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং-অর্ডার। পর পর দু ওভারে রায়না আর ধোনিকে বিদায় করে দিয়ে সেটা শুরু করেছেন তুষারাই, তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস আর শ্রীলঙ্কার ফিল্ডাররা। তাই পুরো পঞ্চাশ ওভারও খেলা হয়নি সফরকারীদের, দু বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ৪৯.৪ ওভারে ২৫৮/১০ (কোহলি ৫৪, গম্ভীর ১৭, যুবরাজ ০, রায়না ৭৬, ধোনি ৭১, শর্মা ১৮, বদ্রিনাথ ৬, হরভজন ২, প্রবীন ২, জহির ০, প্যাটেল ১*; ভাস ১/৪০, কুলাসেকারা ১/৩৮, তুষারা ৫/৪৭, মুরালিধরন ১/৫৬, জয়াসুরিয়া ০/২৮)
শ্রীলঙ্কা : ৪৬.৩ ওভারে ২১২ (জয়াসুরিয়া ৬০, ওয়ার্নাপুরা ০, সাঙ্গাকারা ৬, জয়াবর্ধনে ১৬, কাপুগেদারা ৩০, দিলশান ১২, ভাস ১৭, কুলাসেকারা ১২, তুষারা ৪০, মেন্ডিস ২, মুরালিধরন ১*; প্রবীন ০/২৫, জহির ১/২৭, প্যাটেল ২/৪৮, হরভজন ৩/৪০, যুবরাজ ২/৫৩, শর্মা ০/১৩)
ফল : ভারত ৪৬ রানে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৫ ঘ.
bdnews24