২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ ট্রাইবুনালের সামনে দাঁড়াতে ভারতে যাচ্ছেন আসিফ

ডোপ টেস্টে ধরা পড়েছিলেন ভারতে, তাই ভারতেরই এক ড্রাগ ট্রাইবুনালে হাজির হতে হচ্ছে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে। পাকিস্তানি মিডিয়ার খবর, আগামী সপ্তাহেই এ জন্য ভারত সফরে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

করাচি, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডোপ টেস্টে ধরা পড়েছিলেন ভারতে, তাই ভারতেরই এক ড্রাগ ট্রাইবুনালে হাজির হতে হচ্ছে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে। পাকিস্তানি মিডিয়ার খবর, আগামী সপ্তাহেই এ জন্য ভারত সফরে যাচ্ছেন তিনি। করাচির দৈনিক দ্য নিউজ আসিফের আইনজীবী শাহেদ করিমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাইবুনালে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টাই করবেন আসিফ। তবে দোষী প্রমাণিত হলে দু বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। "আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে ওর ডোপ টেস্টের ব্যাপারে কিছু ব্যাখ্যা চেয়েছি। আগামী সপ্তাহে ট্রাইবুনালের মুখোমুখি হতে ভারত যাচ্ছে আসিফ" - দ্য নিউজকে বলেছেন করিম। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির ল্যাবরেটরিতে পরীক্ষার পর আসিফের মূত্র নমূনার 'বি' স্যাম্পলেও উত্তেজক ড্রাগ ন্যানড্রোলনের অস্তিত্ব ধরা পড়েছে। তবে প্রথম নমূনার চেয়ে এই দ্বিতীয় পরীক্ষার ফলাফলে কিছুটা পার্থক্য আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাড়া জাগানো প্রথম আসরে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেলার সময় করা তার প্রথম পরীক্ষায় যেখানে মাত্রাটা ছিল ৬.২ মিলিগ্রাম, দ্বিতীয় নমূনায় সেটা এসে দাঁড়িয়েছে ৫.৪ মিলিগ্রাম। পাকিস্তানি ডোপিং বিশেষজ্ঞ দানিশ জহির মনে করেন এই ফাঁক গলেই মুক্তি পেতে পারেন আসিফ। তবে আইপিএলের ড্রাগ ট্রাইবুনালের বিশেষজ্ঞ ডা, রবি বাপাত মনে করেন, দুই পরীক্ষার ফলে এমন পার্থক্য থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। বাপাত ছাড়াও ওই ট্রাইবুনালে আছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং শিরিষ গুপ্তে নামে একজন আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১৫ ঘ.