কলম্বো, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২৩৭ রান তাড়া করতে নেমে দলের স্কোর ৬ উইকেটে ৫৯। এমন অবস্থায় হাল ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। মাহেলা জয়াবর্ধনে হাল ছেড়ে দেননি তারপরও। কিন্তু তার লড়াইটা শেষ পর্যন্ত বিফলেই গেছে। জয়াবর্ধনের ৯৪ রানের দুর্দান্ত ইনিংসটার পরও তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেছে ভারত।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচের শুরুটা কিন্তু মোটেই এমন আভাস দিচ্ছিল না। ৩৯ রানের জুটি গড়ে ভারতের দুই তরুণ ওপেনার শুরুটা একেবারে খারাপ করেননি, কিন্তু এরপর বিরাট কোহলির রান আউট আর নুয়ান কুলাসেকারার জোড়া আঘাতে ভারতের স্কোর হয়ে গিয়েছিল ৩ উইকেটে ৬২। রায়নার লড়াই সেখান থেকেই শুরু। ৮০ বলে ৫৩ রানের ইনিংস খেলে পঞ্চম ব্যাটসম তিনি যখন আউট হন, ভারতের স্কোর তখনো মাত্র ১৪৫। এই তরুণের রানআউট হওয়ায় ভারত অধিনায়ক ধোনির খানিকটা দায় ছিল, তার সঙ্গে ভুল বোঝাবুঝিতেই শেষ হয়ে গেছে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো রায়নার সম্ভাবনা জাগানো ইনিংসটা। তবে এরপর সেটা পুষিয়ে দিয়েছেন ধোনি, ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। ৮০ বলের এই ইনিংসটা সাজানো ছিল আটটি বাউন্ডারিতে। মূলত তার আর রোহিত শর্মার (৩২ বলে ৩২ রান) কারণেই শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৭ রান তুলতে পারে ভারত।
শ্রীলঙ্কার পক্ষে অজন্তা মেন্ডিসই নিয়েছেন সবচেয়ে বেশি তিনটি উইকেট, তবে সে জন্য ৫৬ রান খরচ করতে হয়েছে তাকে।
ইদানিংকার ওয়ানডে ক্রিকেটে ২৩৭ নিতান্তই মাঝারি মানের স্কোর, কিন্তু নতুন বল হাতে শুরু থেকেই আগুন ঝরিয়ে জহির, প্রবীন কুমাররা সেটাকেই পাহাড়-সমান বানিয়ে তুলেছেন শ্রীলঙ্কার জন্য। এই দুজনের জোড়া আঘাতে ৪০ রানেই চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পরে মুনাফ প্যাটেল আর হরভজন সিংরাও তাদের শিকার উৎসবে যোগ দিলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৫৯। সেখান থেকেই শুরু জয়াবর্ধনের লড়াই। নুয়ান কুলাসেকারাকে (১১) নিয়ে সপ্তম উইকেটে ৩৫ জুটিটা দিয়ে পায়ের তলায় মাটি ফেরানোর পর থিলন তুষারার (৩০) সঙ্গে তার ৮১ রানের অষ্টম উইকেট জুটি বদলেই দিয়েছে ম্যাচের রং। ভারতের ফিল্ডিংও এলোমেলো হয়ে গিয়েছিল ওই সময়। জয়াবর্ধনে-তুষারা দুজনই সেই সুবাদে পেয়েছেন 'জীবন'ও। ২১ রানে তুষারার ক্যাচ ফেলেছেন বদ্রিনাথ, অনেকটা লাফিয়েও যুবরাজ নাগাল পাননি জয়াবর্ধনের দেওয়া ক্যাচের। তার স্কোর তখন ৭৫।
দ্বিতীয় স্পেলে ফিরে জহির খানই শেষ পর্যন্ত ভেঙ্গেছেন এই জুটি, দারুণ এক ইয়র্কায়ে তুষারার মিডলস্টাম্প উপড়ে ফেলে।
একদিকে সঙ্গীর অভাব আর অন্যদিকে বাড়তে থাকা আস্কিং রেটের চাপ সামাল দিতে পাল্টা আক্রমণে যাওয়া ছাড়া বিকল্প ছিল না। সেটা করতে গিয়েই শর্ট ফাইন লেগে মুনাফ প্যাটেলকে ক্যাচ দিয়েছেন তিনি, বোলার ছিলেন প্রবীন কুমার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৫০ ওভারে ২৩৭/৯ (কোহলি ২৫, গম্ভীর ৮, যুবরাজ ১২, রায়না ৫৩, বদ্রিনাথ ৬, ধোনি ৭৬, রোহিত শর্মা ৩২, হরভজন ২, প্রবীন কুমার ২, জহির ১, অতিরিক্ত ২০; ভাস ০/৩৩, কুলাসেকারা ২/৩২, তুষারা ২/৩৬, মেন্ডিস ৩/৫৬, মুরালিধরন ০/৪৮, জয়াসুরিয়া ০/২৪)
শ্রীলঙ্কা ৪৯ ওভারে ২০৪/১০ (জয়াসুরিয়া ১৩, সাঙ্গাকারা ৯, কাপুগেদারা ১২, জয়াবর্ধনে ৯৪, সিলভা ১, দিলশান ১৬, ভাস ০, কুলাসেকারা ১১, তুষারা ৩০, মেন্ডিস ৬*, মুরালিধরন ৬; প্রবীনকুমার ২/৬২, জহির ৩/২৩, প্যাটেল ৩/৪২, হরভজন ১/২৯, যুবরাজ, শর্মা ০/৯)
ফল : ভারত ৩৩ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫৫ ঘ.
bdnews24