২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া গঠনতন্ত্রে উপেক্ষিত স্পনসররা

"আমি তো কখনো ক্রিকেট খেলিনি কিংবা সংগঠকও ছিলাম না। তবুও আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনা হয়েছিল স্পনসর প্রতিনিধি হিসেবেই। এনএসসি'র (জাতীয় ক্রীড়া পরিষদ) কোটায় কাউন্সিলর বানিয়ে আমাকে নির্বাচন করতে বলা হয়েছিল। এটা একটা উদাহরণ যেটা ভবিষ্যতেও অনুসরণ করলে ভালো"- বিসিবি'র অ্যাডহক কার্যনির্বাহী কমিটির বাণিজ্যিক দিক দেখার দায়িত্বে থাকা মির্জা সালমান ইস্পাহানীর পরামর্শ এরকমই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "আমি তো কখনো ক্রিকেট খেলিনি কিংবা সংগঠকও ছিলাম না। তবুও আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনা হয়েছিল স্পনসর প্রতিনিধি হিসেবেই। এনএসসি'র (জাতীয় ক্রীড়া পরিষদ) কোটায় কাউন্সিলর বানিয়ে আমাকে নির্বাচন করতে বলা হয়েছিল। এটা একটা উদাহরণ যেটা ভবিষ্যতেও অনুসরণ করলে ভালো"- বিসিবি'র অ্যাডহক কার্যনির্বাহী কমিটির বাণিজ্যিক দিক দেখার দায়িত্বে থাকা মির্জা সালমান ইস্পাহানীর পরামর্শ এরকমই। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই পরামর্শে কর্ণপাত করার কোনো লক্ষণ আপাতত নেই। বেশ কিছু সংশোধনী এনে যে খসড়া গঠনতন্ত্র তৈরি করেছে বিসিবি, তাতে উপেক্ষিত হয়েছেন স্পনসররা। অথচ ক্রিকেটে কোনো অবদান না রাখার পরও কারো কারো বিসিবিতে ঢুকে পড়ার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত গঠনতন্ত্রে। খসড়া গঠনতন্ত্রে সভাপতিসহ ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গড়ার প্রস্তাব করা হয়েছে। যেখানে ক্লাব প্রতিণিধি ১১ জন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে ৯ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও সার্ভিসেস দলগুলো থেকে একজন করে সদস্য কার্যনির্বাহী কমিটিতে রাখতে বলা হয়েছে। এই খসড়া গঠনতন্ত্র জরুরী সাধারণ সভায় (ইজিএম) অনুমোদনের জন্য তোলা হবে। ২৫ আগস্টের মধ্যে বিসিবির অনুমোদিত সংস্থাগুলোকে তাদের কাউন্সিলরদের নাম পাঠাতে বলা হয়েছে। এরপরই ইজিএমের তারিখ ঠিক হবে। প্রশ্ন উঠেছে কার্যনির্বাহী কমিটিতে সার্ভিসেস দলগুলোর প্রতিনিধিত্ব রাখার প্রস্তাব নিয়ে, যাদের ক্রিকেটের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই। এমনকি তারা ক্রিকেট খেলে বলেও কারো জানা নেই। এর আগে কয়েকবারই বিসিবির সার্ভিসেস লিগ আয়োজনের চেষ্টা বিফলে গেছে তাদের অনীহায়। কিন্তু বিসিবির বাণিজ্যিক অংশীদারদের এমনকি কাউন্সিলর করারও কোনো প্রস্তাব নেই। অথচ স্পনসরদের টাকা এদেশের ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে দীর্ঘদিন ধরে। কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান সালমান ইস্পাহানীর এটা মানতে খুব কষ্ট হচ্ছে। তিনিই সর্বশেষ নির্বাচিত বোর্ডের একমাত্র সদস্য যাকে রাখা হয়েছে অ্যাডহক কমিটিতে। সেটা তার পৃষ্ঠপোষক পরিচয়ের জন্যই। তার কথা, "অনেকদিন ধরে যেসব প্রতিষ্ঠান ক্রিকেটের সঙ্গে স্পনসর হিসেবে জড়িয়ে আছে, তাদের কাউন্সিলরশিপ দিলে খুবই ভালো হবে। জাতীয় দলের স্পনসর ছাড়াও আমাদের আরো অনেক স্পনসর আছে। সবচেয়ে ভালো হয় যদি এদের কাউকে কার্যনির্বাহী কমিটিতেও রাখার উদ্যোগ নেওয়া হয়। এতে কিন্তু বিসিবিই লাভবান হবে।" কীভাবে? সেই ব্যাখ্যাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে দিয়েছেন তিনি, "গ্রামীণফোন জাতীয় দল এবং একাডেমীর স্পনসর। এছাড়া তারা বেশকিছু সিরিজেরও টাইটেল স্পনসর হয়েছিল। কিন্তু গত কয়েকটা সিরিজেই তারা দরপত্রে অংশ নিচ্ছে না। জানেন, এখন বাজার কিছুটা মন্দা যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো দরপত্রে ফ্লোর প্রাইসের (ন্যূনতম মূল্য) চেয়েও কম দর দিচ্ছে। ধরুন, গ্রামীণের কেউ যদি বোর্ডের সদস্য হয় তাহলে এসব ক্ষেত্রে তাদের সহায়তা নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি তারাও বাড়তি কিছু করার তাগিদ অনুভব করবেন।" বিসিবির কমার্শিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান আজিজ আল কায়সারও স্পনসরদের প্রতিণিধিত্ব রাখার পক্ষে। ব্যক্তিগত কাজে এখন তিনি সিঙ্গাপুরে। সেখান থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "দীর্ঘদিন কমার্শিয়াল কমিটির প্রধানের পদে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি, স্পনসর জোগাড় করা কতোটা কঠিন কাজ। সুতরাং নিয়মিত স্পনসরদের কাউন্সিলরশিপ দেওয়া হলে আরো নতুন নতুন স্পনসররা ক্রিকেটের সঙ্গে জড়াতে অনুপ্রাণিত হবেন। কোনো না কোনোভাবে স্পনসরদের সম্মান জানানো উচিত আমাদের। সেটা যদি হয় তাদেরকে কাউন্সিলর বানানোর মাধ্যমে, তাহলে খারাপ কী!" কার্যনির্বাহী কমিটিতে স্পনসরদের সদস্যপদ দেওয়ার বিষয়েও কোনো আপত্তি নেই তার, "তাহলে তো আরো ভালো হয়। কিন্তু সেটা নির্ভর করবে ভোটাভুটির ওপর। তার আগে কাউন্সিলরশিপ তো দেওয়া হোক। এক্ষেত্রে অফিশিয়াল পার্টনারদের বিশেষ করে জাতীয় দলের স্পনসরদের প্রাধান্য দেওয়া যেতে পারে। তারা বিসিবির সঙ্গে লম্বা মেয়াদে চুক্তিবদ্ধ। এতে করে তাদের মধ্যে ক্রিকেটের সঙ্গে থাকার বিষয়ে নৈতিক বাধ্যবাধকতাও তৈরি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.