বেইজিং, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক ফুটবলে নাইজেরিয়ার সবচেয়ে মধুর স্মৃতি আটলান্টায়। ১৯৯৬এ আধুনিক অলিম্পিকের শততম বার্ষিকীতে সোনা জয়ের পথে সেমিফাইনালে ব্রাজিল ও ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা। এক যুগ পর আবারো অলিম্পিক ফুটবলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে 'সুপার ঈগল'রা। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে নাইজেরিয়া দাঁড়াতেই দেয়নি বেলজিয়ামকে, জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বিস্ময়ের জন্ম দিয়েছিল বেলজিয়াম। অনেকেই মনে করছিল বেলজিয়ানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে যাচ্ছে নাইজেরিয়া। কিন্তু নাইজেরিয়ার আক্রমণাত্মক ফুটবল সারা ম্যাচে একটুও স্বস্তিতে থাকতে দেয়নি বেলজিয়ামকে।
১৭ মিনিটে আদেফেমির লক্ষ্যভেদের মাধ্যমে 'সুপার ঈগল'দের গোলোৎসবের সূচনা। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল পায়নি তারা। তবে বিরতির পর আটলান্টার শিরোপাজয়ীদের গোল পেতে কোনো সমস্যা হয়নি। ৫৯ ও ৭২ মিনিটে দুই গোল করেছেন ওবাসি, ৭৮ মিনিটে বিজয়ীদের শেষ গোলটি ওকোনকো'র। শেষ বাঁশির মিনিট দুয়েক আগে সিমানের গোল শুধু সান্ত্বনাই দিতে পেরেছে বেলজিয়ানদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮২৫ঘ.
bdnews24