করাচি, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক মাসও বাকি নেই। ঠিক এমন সময়ে নাসিম আশরাফের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য বড় এক দুঃসংবাদই বটে। সোমবার পাকিস্তান ক্রিকেটাঙ্গনকে সেই দুঃসংবাদ দিলেন আশরাফ, জানিয়ে দিলেন পিসিবি'র চেয়ারম্যানের পদে আর থাকছেন না তিনি।
পিসিবি'র জন্য অপ্রত্যাশিত হলেও এই পদত্যাগকে অস্বাভাবিক বলা যাবে না। বছর দুয়েক আগে পাকিস্তান-ইংল্যান্ডের সেই বহুল আলোচিত ওভাল টেস্টের পর আশরাফকে পিসিবি'র চেয়ারম্যান হিসাবে সরাসরি নিযুক্তি দিয়েছিলেন পারভেজ মুশাররফ। সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদত্যাগ করার পর তাই আর দেরি করেননি আশরাফ। মুশাররফের পদত্যাগের ঘোষণার ঘন্টা খানেক পর নিজেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত নেয়ার পেছনে আশরাফের যুক্তি, "প্রেসিডেন্টের সচিবালয়ে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এবং তাদের বলেছি যে আমি আর দায়িত্ব পালন করতে পারবো না। প্রেসিডেন্টের (মুশাররফের) পদত্যাগের পর আমি মনে করি না এই দায়িত্ব চালিয়ে যাওয়া নৈতিকভাবে সঠিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫২ঘ.
bdnews24