ঢাকা, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'কল্পনাকে হার মানানো জয়' ছাড়া আর এটাকে অন্য কিছু বলার উপায় নেই। প্রিটোরিয়ায় চারদিনের ম্যাচের তৃতীয় দিনটা নিশ্চিত হারের হাতছানি দেখেই শেষ করেছিল জিপি-বিসিবি একাডেমী। কারণ শেষদিনে জয়ের জন্য মাত্র ৮১ রানের লক্ষ্যমাত্রা ছিল দক্ষিণ আফ্রিকান একাডেমী দলের। কিন্তু সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকরা গুটিয়ে গেছে মাত্র ৭৭ রানে। অর্থাৎ হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সোহরাওয়ার্দী শুভ'র দল ছিনিয়ে নিয়েছে ৩ রানের এক অবিশ্বাস্য জয়।
আর এই জয়টা বাংলাদেশ একাডেমী দলকে এনে দিয়েছেন তাদের তিন পেসার। প্রতিপক্ষকে মাত্র ২৩.১ ওভারে অলআউট করে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহবুবুল আলম রবীন। ৯ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় এই ডানহাতি পেসার নিয়েছেন চারটি উইকেট (৯-১-৩৮-৪)। তবে শুরুটা করেছিলেন তার নতুন বলের পার্টনার বাঁ হাতি শাফাক আল জাবির (৩-০-১২-২)। দু'জনের শুরুর ধাক্কায় এক পর্যায়ে ৭ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকান একাডেমী। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের জেতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আরেক পেসার জিয়াউর রহমানও (৭-৩-১৯-২)।
এছাড়া অধিনায়ক ও বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী ৭ রানে নিয়েছেন ১ উইকেট। প্রোটিয়া একাডেমী দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ফন ডার মারউই।
সংক্ষিপ্ত স্কোর
জিপি-বিসিবি একাডেমী : ১ম ইনিংস ২১৭ এবং ২য় ইনিংস ২৩৭
দক্ষিণ আফ্রিকা একাডেমী : ১ম ইনিংস ৩৭৪ ও ২য় ইনিংস ৭৭
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৮৩৫ ঘ.
bdnews24