কলম্বো, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বোর পি. সারাভানামুত্তু স্টেডিয়ামকে ঘিরে শ্রীলঙ্কার অনেক সুখস্মৃতি। ১৯৮২তে এখানেই প্রথম টেস্ট খেলেছিল তারা। তার তিন বছর পর একই মাঠে এসেছিল শ্রীলঙ্কানদের প্রথম টেস্ট বিজয়। শুক্রবার থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই মাহেলা জয়াবর্ধনের দলকে অনুপ্রাণিত করতে হাত বাড়িয়ে দিচ্ছে ইতিহাস। ম্যাচটার ভেন্যু যে সারাভানামুত্তু স্টেডিয়াম! দুটো দলই একটি করে টেস্ট জেতায় এই ম্যাচ সিরিজ নির্ধারণীও বটে। এই টেস্টে জিতলেই ১৫ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দে মেতে উঠতে পারবে ভারত। দীর্ঘ দিনের অধরা লক্ষ্য পূরণের হাতছানির জন্য তারাও কম অনুপ্রাণিত নয়।
সারাভানামুত্তুর পিচও ভারতের জন্য বড় এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। উপমহাদেশের চিরাচরিত পিচের মতো নয় এখানকার পিচ। বরং তা যথেষ্ট পেস সহায়ক। শ্রীলঙ্কার জাতীয় কিউরেটর অনুরুদ্ধ পোলোনউইতা সে কথাই জানিয়েছেন, "প্রথম দিন প্রথম কয়েক ঘন্টা দ্রুতগতির বোলাররা উইকেট থেকে মুভমেন্ট পাবেন। এই উইকেটে বাউন্স পাওয়া যাবে। স্পিনার, দ্রুতগতির বোলার এবং ব্যাটসম্যান সবাই এখানে খেলাটা উপভোগ করবেন। সবার জন্যই এখানে কিছু না কিছু থাকবে।" এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে অনেকটা এ ধরনের উইকেটেই রিকি পন্টিংয়ের দলের বিপক্ষে সাফল্য পেয়েছিল ভারত। সারাভানামুত্তুর পিচ রিপোর্ট তাই উজ্জীবিত করে তুলতেই পারে তাদের।
মায়ের অসুস্থতার জন্য গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ায় মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি উপটনের কাঁধে এখন ভারতীয় দলের দায়িত্ব। উপটনের দৃঢ় বিশ্বাস অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া ভারতের বর্তমান দলটির পক্ষে শ্রীলঙ্কায় দীর্ঘ দিনের সাফল্য-খরা ঘোচানো সম্ভব, "এই দলে অনেক দক্ষ খেলোয়াড় আছে। পাঁচ জনের ভারতের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে। তাই দলের দক্ষ খেলোয়াড়দের মধ্যে সমন্বয় করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সব খেলোয়াড়ই দলে তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন।"
যদিও প্রথম দুই টেস্টে দলের বিশ্বখ্যাত মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন উপটন। তবে তিনি আত্মবিশ্বাসী, ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়রা জ্বলে উঠবেন শেষ টেস্টে, "আমাদের ব্যাটিং লাইন আপ সত্যিই দারুণ শক্তিশালী। অবশ্য কয়েক জন ব্যাটসম্যানের রান বকেয়া রয়ে গেছে। জয়ের জন্য অবদান রাখতে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে।" গলে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১৭০ রানে জয় পাওয়া দলটিকে ধরে রাখার সম্ভাবনাই বেশি ভারতের। 'টিম ইন্ডিয়া' অবশ্য উইকেট কিপার দীনেশ কার্তিককে নিয়ে এই মুহূর্তে ভীষণ দুশ্চিন্তায়। প্রথম দুই টেস্টে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছিলেন কার্তিক। ব্যাট হাতেও তিনি চরমভাবে ব্যর্থ (চার ইনিংসে মাত্র ৩৬ রান)। কার্তিক নাকি পার্থিব প্যাটেল ---- শেষ টেস্টে কাকে গ্লাভস হাতে দেখা যাবে সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার পর্যন্ত নিতে পারেনি ভারত।
শ্রীলঙ্কা অবশ্য একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিরিজে মাত্র এক উইকেট পাওয়া পেসার নুয়ান কুলাসেকেরা বাদ পড়ছেন শেষ টেস্টে। তার জায়গায় বাঁহাতি থিলান তুশারা অথবা অভিষেকের অপেক্ষায় থাকা দাম্মিকা প্রসাদ সুযোগ পাবেন প্রথম একাদশে। তবে তিন ইনিংসে মাত্র ১৭ রান করলেও মাইকেল ভ্যানডর্টের শেষ টেস্টে খেলার সম্ভাবনাই বেশি। গল টেস্ট শেষে এই দীর্ঘদেহী ওপেনার সম্পর্কে করা মাহেলা জয়াবর্ধনের মন্তব্যে সেই ইি ঙ্গতই পাওয়া গিয়েছিল, "গত ছয় মাসে মাইকেল (ভ্যানডর্ট) আমাদের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান।"
গলে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করা বীরেন্দর শেবাগ কিংবা দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে হৈ-চৈ ফেলে দেয়া অজন্তা মেন্ডিস এই সিরিজের সবচেয়ে আলোচিত চরিত্র। তবে শেষ টেস্টে শেবাগ-মেন্ডিসকে ছাপিয়ে আবারো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শচীন রমেশ টেন্ডুলকার! ব্রায়ান লারাকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মাটিতে পা রাখার সময় তার প্রয়োজন ছিল ১৭২ রানের। প্রথম দুই টেস্টে মাত্র ৭৫ রান করায় 'ব্যাটিং জিনিয়াস'-এর সামনে এখন ৯৭ রানের লক্ষ্যমাত্রা। টেন্ডুলকার সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন কি না সিরিজ নির্ধারণী শেষ টেস্টের সামনে এটা একটা বড় প্রশ্নচিহ্নও বটে!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২২ঘ.
bdnews24