লন্ডন, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক খুব বেশি দিন হয়নি। ওয়ানডেতে ২০০৪এর নভেম্বরে, আর টেস্টে তিন বছর আগের অ্যাশেজে। অথচ এই অল্প সময়ের মধ্যেই ইংল্যান্ড দলের নেতৃত্ব কেভিন পিটারসেনের কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে পিটারসেন তাই কঠিন এক চ্যালেঞ্জের সামনে।
২-০তে এগিয়ে গিয়ে চার টেস্টের সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ওভালের শেষ টেস্টটা তাই প্রোটিয়াদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। ইংলিশদের কাছেও এই টেস্টের গুরুত্ব তেমন না থাকারই কথা। কিন্তু যেহেতু পিটারসেনের অধিনায়কত্বে তাদের প্রথম টেস্ট, তাই ম্যাচটা নিয়ে স্বাগতিকরা দারুণ আগ্রহী। গ্রায়েম স্মিথের সঙ্গে পিটারসেনের কথার লড়াইয়ের 'ইতিহাস'ও ওভাল টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে।
৪৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ী প্রোটিয়া অধিনায়ক স্মিথ এ মুহূর্তে দারুণ নির্ভার, উচ্ছ্বসিত। তবে যতই ফুরফুরে মেজাজে থাকুন না কেন, পিটারসেনের সঙ্গে কথার লড়াই বন্ধ করে দেয়ার কোনো ইচ্ছাই বোধহয় তার নেই! অধিনায়কত্ব পাওয়া পিটারসেনকে খোঁচা দেয়ার উদ্দেশেই সম্ভবত স্মিথের মন্তব্য, "কেপি (পিটারসেন) সব সময়ই আপনাকে দৌড় করিয়ে মারবে। তবে আমার মনে হয় অধিনায়কত্ব খেলোয়াড় হিসাবে তার ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে। ড্রেসিং রুমে কে পার্থক্য গড়ে দিতে পারে তা দেখতে হবে আপনাদের। আমি মনে করি তরুণ কোনো খেলোয়াড় যেমন অ্যালিস্টার কুককে নির্বাচিত করে তাকে গড়ে তোলা উচিৎ ছিল তাদের (ইংল্যান্ডের নির্বাচকদের)।"
২৮ বছর বয়সী পিটারসেনের মনে অবশ্য আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। অভিষেক টেস্টে ওয়ার্ন-ম্যাকগ্রাদের মুখোমুখি দাঁড়িয়ে দুই ইনিংসেই ফিফটি করেছিলেন। সোমবার অধিনায়ক হওয়ার সুখবর পাওয়ার পর সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী পিটারসেনকেই খুঁজে পাওয়া গিয়েছিল, "আমার মধ্যে আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। আমি চ্যালেঞ্জটা গ্রহণ করছি।" দক্ষিণ আফ্রিকায় তার জন্ম বলে চ্যালেঞ্জটা নিয়ে একটু বেশিই অনুপ্রাণিত পিটারসেন।
মাইকেল ভন বিশ্রাম নেয়ায় ওভালে তার জায়গায় রবি বোপারাকে দলে নিয়েছে ইংল্যান্ড। যদিও গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্টে অভিষিক্ত বোপারার শুরুটা মোটেও ভালো হয়নি। তিন টেস্টের সেই সিরিজে ৫ ইনিংসে তার মোট রান ছিল মাত্র ৪২। এজবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে তেমন সুবিধা করতে না পারা রায়ান সাইডবটম প্রথম একাদশে না-ও থাকতে পারেন। তার বদলে সুযোগ পেতে পারেন স্টিভ হার্মিসন। অন্যদিকে বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলা ডেল স্টেইনকে নিয়ে কোনো ঝুঁকি না নেয়ারই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের এজবাস্টনের দলটিকে ওভালেও দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৪ঘ.
bdnews24