লন্ডন, ৫ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- তার নামটাই ভাসছিল বাতাসে। মাইকেল ভনের উত্তরসূরী হিসেবে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন কেভিন পিটারসেন, গুঞ্জন ছিল এমনই। সেটা তো সত্যি হয়েছেই, সঙ্গে একটা বোনাসও পেয়েছেন পিটারসেন। ভন পদত্যাগ করার একদিন পরেই রোববার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, টেস্ট দলের সঙ্গে ওয়ানডেতেও ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই হার্ড হিটিং ব্যাটসম্যান।
মাইকেল ভনের সঙ্গেই ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক পল কলিংউডও অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করায় শূন্য হয়েছিল এই দুটি পদ।
এর আগে একটি ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে টস করতে নেমেছিলেন, তবে টেস্টে এই প্রথম অধিনায়কের দায়িত্বটা পাচ্ছেন তিনি। আর টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেকটা হতে যাচ্ছে দারুণ আবেগময়। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া ওই ম্যাচে জন্মভূমি দক্ষিণ আফ্রিকারই মুখোমুখি হবেন পিটারসেন। চার ম্যাচের সিরিজের শেষ ম্যাচ এটি, প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে ইংল্যান্ড অবশ্য এর মধ্যেই সিরিজ খুইয়ে বসেছে। এই ম্যাচটা তাই কেবলই মর্যাদার লড়াই।
২০০৪ সালে ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত পিটারসেন চার বছরের মাথায় পেলেন এই গুরুদায়িত্ব। অথচ, কোটা প্রথার কারণে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে সুযোগই পাচ্ছিলেন না তিনি! সেসব দিন ভুলে পিটারসেন এখন পুরোদস্তুর ব্রিটিশ, অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তার প্রতিক্রিয়া বলছে সে কথাই, "আমি দারুণ রোমাঞ্চিত ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়ে। এটা বিরাট এক সম্মানের ব্যাপার, আর সে সঙ্গে আমার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য একটা চ্যালেঞ্জও বটে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০৬২৭ ঘ.
bdnews24