২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে ফেরা মাশরাফির জন্য অপেক্ষা

এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরপরই নিশ্চিত হওয়া গিয়েছিল বোলিংয়ে ফিরতে পাঁচ-ছয়দিনের বেশি লাগবে না মাশরাফি বিন মর্তুজার। বিশ্রামশেষে সোমবার দলের মূল স্ট্রাইক বোলারের বোলিংয়ে ফেরা বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছে আরো। পুরো রানআপে বল না করলেও একাধিকবার অস্ত্রোপচারের ধকল যাওয়া বাম হাটুতে কোনো ব্যথাও অনুভব করেননি মাশরাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, ৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরপরই নিশ্চিত হওয়া গিয়েছিল বোলিংয়ে ফিরতে পাঁচ-ছয়দিনের বেশি লাগবে না মাশরাফি বিন মর্তুজার। বিশ্রামশেষে সোমবার দলের মূল স্ট্রাইক বোলারের বোলিংয়ে ফেরা বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছে আরো। পুরো রানআপে বল না করলেও একাধিকবার অস্ত্রোপচারের ধকল যাওয়া বাম হাটুতে কোনো ব্যথাও অনুভব করেননি মাশরাফি। অবশ্য অস্ট্রেলিয়া সফরের দল গড়ার আগে নির্বাচকরা তার ফিটনেস পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে চান। সেটি বৃহষ্পতিবার নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। "মাশরাফি মহা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সুতরাং ওর জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। ওর অবস্থা পরশু (বুধবার) পর্যন্ত পর্যবেক্ষণ করবো। এরপর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে"- বলেছেন নির্বাচক প্রধান। ওদিকে অলক কাপালিও আবার প্র্যাকটিসের সময় চোট পেয়েছেন পায়ের পাতায়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে ব্যাটসম্যান হিসেবে নিজের পুনর্জন্মের ঘোষণা দেওয়া অলককেও ফিটনেস পরীক্ষায় উতরেই অস্ট্রেলিয়া সফরের দলে ঠাঁই নিতে হবে। মঙ্গলবার ইংল্যান্ড সফরশেষে দেশে ফিরছে জুনায়েদ সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দল। এই দলের সদস্যদের ফিটনেসের কী অবস্থা, সে বিষয়েও ফিজিওর কাছ থেকে রিপোর্ট নেবেন বলে জানিয়েছেন রফিকুল। সোমবার বোলিং দেখার পর ফিটনেস পরীক্ষায় মাশরাফি উতরে যাবেন বলেই মনে হয়েছে প্রধান নির্বাচকের, "অর্ধ রান আপে বল করেছে আজ। এবং বোলিংয়ের সময় ব্যথা অনুভব করেছে বলেও অভিযোগ পাইনি আমরা। এটা তাই আমাদের জন্য নির্ভার হওয়ার মতোই একটা খবর।" আর অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার ব্যাপারে বললেন, "১০ আগস্টের মধ্যেই আমরা দল দিয়ে দেব।" তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল গড়তে গিয়ে কিছু সমস্যায়ও পড়তে হচ্ছে নির্বাচকদের। প্রধান নির্বাচক সে কথা অকপটে বলেছেনও, "ওপেনিংয়ে সমস্যাটা রয়েই গেল। এক তামিম ছাড়া তো আর কেউই রান করতে পারেনি। বোলিংয়েও সমস্যা আছে। সৈয়দ রাসেলকে বিবেচনা করতে পারছি না ইনজুরির জন্য। অক্টোবরে নিউজিল্যান্ড হোম সিরিজের আগে আফতাবের কথাও ভাবা যাচ্ছে না একই কারণে।" বিকল্প হিসেবে নতুন কারো কথা ভাবা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে রফিকুলের ভাষ্য ঝুঁকি না নেওয়ার পক্ষেই, "অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়ে কারো অভিষেক করিয়ে দেওয়ার ভাবনায় ঝুঁকি থেকে যায়।" তবুও ইংল্যান্ডে নাঈম ইসলামের ভালো পারফরম্যান্স এই তরুণকে নির্বাচকদের বিবেচনায় নিয়ে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাছাড়া বাংলাদেশ দলের হয়ে একটি টেস্ট এবং ১৭ টি ওয়ানডে খেলা পেসার নাজমুল হোসেনের পারফরম্যান্সও প্রশংসা কুড়াচ্ছে নির্বাচকদের। রাসেলের ইনজুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ডলার মাহমুদের অনুজ্জ্বল পারফরম্যান্স অস্ট্রেলিয়া সফরের দলে নাজমুলকে ঢুকিয়ে দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.