ঢাকা, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চার জাতির কানাডা কাপ টোয়েন্টি টোয়েন্টির জন্য অস্ট্রেলিয়া সফরসূচী থেকে একটা চারদিনের ম্যাচই ছেঁটে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ওই টুর্নামেন্ট অক্টোবর পর্যন্ত পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরো কিছু প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে। এবং তাদের অনুরোধে ইতিবাচক সাড়া মিলেছে বলেই জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। মোহাম্মদ আশরাফুলদের জন্য বাড়তি দুটো একদিনের প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করতে সম্মত হয়েছে সিএ।
অর্থাৎ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটো একদিনের প্রস্তুতি ম্যাচের সঙ্গে যোগ হচ্ছে আরো দুটো। অবশ্য বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এও জানাতে ভোলেননি, "সিএ আরো দুটো ম্যাচ দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে সেসময়ে বাংলাদেশ দলের জন্য হোটেল বুকিং ও মাঠ পাওয়া যাচ্ছে কিনা, এসব বিষয়ের ওপর। আজ (রোববার) ওখানে সাপ্তাহিক ছুটি। আশা করি সোমবার এসব বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারবো।"
সিএ নিশ্চিত করে দিলে নতুন সফরসূচী অনুযায়ী আগেভাগেই অস্ট্রেলিয়ায় চলে যাবে বাংলাদেশ দল। নিজামউদ্দিন তেমনই জানিয়েছেন, "এমনিতে কানাডা কাপ খেলে ২০ আগস্ট অস্ট্রেলিয়ায় পৌছানোর কথা ছিল বাংলাদেশ দলের। ওই দুটো ম্যাচ পাওয়া গেলে যাওয়ার তারিখ আরো দিন পাঁচেক এগিয়ে আনা হবে।"
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ডারউইনে- ৩০ আগস্ট, ৩ ও ৬ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24