বার্মিংহাম, ইংল্যান্ড, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজবাস্টনের মাঠের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিটা এতদিন দক্ষিণ আফ্রিকানদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তবে ৯ বছর পর ১৯৯৯ বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার দারুণ একটা সুখস্মৃতি জমা করেছে গ্রায়েম স্মিথের দল। এক ম্যাচ হাতে রেখেই ৪৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা আর তাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গ্রায়েম স্মিথ। তার অপরাজিত ১৫৪ রানের ইনিংসে ভর করেই এজবাস্টন টেস্টে ৫ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা।
১৩৫ রানের দারুণ এক কামব্যাক ইনিংস খেলে ওয়ানডে অধিনায়ক পল কলিংউড ম্যাচে ফিরিয়েছিলেন স্বাগতিকদের। সুবাদে দক্ষিণ আফ্রিকার সামনে ২৮১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল ইংল্যান্ড। তারপর ৯৩ রানে চার উইকেট ফেলে দিয়ে এক সময় সিরিজে ফেরার স্বপ্নও দেখছিল দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হেরে পিছিয়ে পড়া মাইকেল ভনের দল। কিন্তু সেটা হতে দেননি স্মিথ। এবি ডিভিলিয়ার্সকে (২৭) নিয়ে পঞ্চম উইকেটে ৭৮ আর আর মার্ক বাউচারকে (অপরাজিত ৪৫) নিয়ে ষষ্ঠ উইকেটে ১১০ রানের দুটি জুটি গড়ে চতুর্থ দিনেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/ ১৩২৫ ঘ.
bdnews24