ঢাকা, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বয়সভিত্তিক ক্রিকেট দিয়েই শুরু হচ্ছে আসন্ন ঘরোয়া ক্রিকেট মৌসুম। প্রিমিয়ার ডিভিশনের দলগুলোকে নিয়ে অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর। এই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ৮ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের একমাত্র ফার্স্ট ক্লাস প্রতিযোগীতা জাতীয় ক্রিকেট লিগ। আর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ আসর বলে পরিচিত প্রিমিয়ার ক্রিকেট ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টোয়েন্টি টোয়েন্টির আসর দিয়ে। ২০০৮-০৯ মৌসুমের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার সাজানো হয়েছে এভাবেই।
ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) ক্যালেন্ডার অনুযায়ী প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটারদের তিনদিনের দলবদল কার্যক্রম চলবে ১২, ১৩ এবং ১৪ ডিসেম্বর। প্রিমিয়ারের দলগুলোর গা ঘামানোর টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ২৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর মাত্র দু'দিনের বিরতি দিয়ে শুরু হবে আসল প্রতিযোগীতা। আগে থেকেই জানা, দীর্ঘদিন পর প্রিমিয়ার ক্রিকেট লিগ দু'দিন ও ৯০ ওভারের ম্যাচে ফিরে যাচ্ছে। ক্রিকেট ক্যালেন্ডারে সেটির জন্য আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সময় ধরা আছে।
দেশের ক্রিকেটারদের দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভ্যস্ত করে তোলার জন্য সিসিডিএমও বড় দৈর্ঘ্যরে ম্যাচ চালু করতে যাচ্ছে। প্রিমিয়ারের দুই দিনের ম্যাচের প্রতিযোগীতার শীর্ষ ছয়টি দলকে চারদিনের ম্যাচের সিসিডিএম কাপ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ। নির্ধারিত সময়ে শুরু হলে এবং কোনো বাধা-বিপত্তির মুখে না পড়লে যেটি শেষ হওয়ার কথা ৩০ এপ্রিল। এই প্রতিযোগীতাকে ফার্স্ট ক্লাস মর্যাদা দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করারও পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর ৮ অক্টোবর শুরুর পর জাতীয় লিগ ২৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে বলে আশা করছে টুর্নামেন্ট কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24