বার্মিংহাম, ইংল্যান্ড, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিল ম্যাকেঞ্জিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই উল্লাসে মেতেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। টেস্ট ক্রিকেটে দ্বাদশ ইংলিশ বোলার হিসেবে দু'শ উইকেট পাওয়া আর দশম ক্রিকেটার হিসেবে দু'শ উইকেট আর ৩ হাজার রানের মাইল ফলকে পৌঁছানোর তো একটা অন্যরকম আনন্দ আছেই। তার ওই অর্জনে দক্ষিণ আফ্রিকাও পড়েছিল সমস্যায়। তাদের স্কোর তখন ৪ উইকেটে ১৩৫।
তবে জ্যাক ক্যালিস (৪৮*) আর অ্যাশওয়েল প্রিন্স সেখান থেকে অনেকটাই টেনে তুলেছেন দলকে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে চা বিরতির পর তাই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ২০৫।
বৃহস্পতিবার সকালে আগের দিনের নাইট ওয়াচম্যান পল হ্যারিসকে (১৯) হারালেও মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নিল ম্যাকেঞ্জির ব্যাটিংয়ে ইংল্যান্ডের ২৫১ রানের প্রথম ইনিংসটাকে বেশ ছোটই মনে হচ্ছিল। ম্যাচের দ্বিতীয় দিনে তখন পর্যন্ত স্কোর ২ উইকেটে ১০৪ রান। কিন্তু বিরতির পর যেন ভোজবাজির মতো বদলে যেতে থাকে সব। হাশিম আমলা (৫) জেমস অ্যান্ডারসনকে ফিরতি ক্যাচ দেয়ার পর ফ্লিনটফের বলে ম্যাকেঞ্জিও (৭২) পা দেন এলবিডব্লুর ফাঁদে। তারপর থেকে অবশ্য আর বিপদ বাড়তে দেননি ক্যালিস আর প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২২১৮ ঘ.
bdnews24