ঢাকা, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক বছর পার করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটি। গত বছরের ২৯ জুলাই তাদের দায়িত্ব দেওয়ার সময় যতো দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল। কিন্তু সেরকম কোনো উদ্যোগ না থাকায় নানামহল থেকে সমালোচিত হচ্ছিল বর্তমান কমিটি। এমনকি বিতর্কিত ফোরামের তরফ থেকে নির্বাচন নিয়ে বিসিবির টালবাহানার অভিযোগও আনা হচ্ছিল। তবে মঙ্গলবার বোর্ড সদস্যদের সঙ্গে সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর অনানুষ্ঠানিক এক সভায় নির্বাচনের বিষয়ে উদ্যোগী হওয়ার সিদ্ধান্তই হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি।
"এটা আনুষ্ঠানিক কোনো সভা ছিল না। তবে অন্যান্য বিষয়ের পাশাপাশি এই সভায় আমরা নির্বাচন নিয়েও আলাপ করেছি। তাড়াতাড়ি নির্বাচনে যাওয়ার জন্য করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে"- বলেছেন সাজ্জাদুল। আরেকটু বিশদে গিয়ে তিনি জানাচ্ছেন, "নির্বাচনের দিকে আমরা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। ক্লাব, ঢাকার বাইরের সংস্থাগুলো এবং এনএসসি'কে (জাতীয় ক্রীড়া পরিষদ) সম্পৃক্ত করেই আমরা পদক্ষেপ নিচ্ছি।"
গঠনতন্ত্রে তাদের তরফ থেকে কিছু সংশোধনী প্রস্তাব রাখার ব্যাপারেও মঙ্গলবারের সভায় আলোচনার খবর নিশ্চিত করেছেন বিসিবির মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত ধারণা দিতে রাজী হলেন না তিনি। অবশ্য সাধারণ সম্পাদকের পদ বিলুপ্ত করে সভাপতি পদে নির্বাচন এবং সভাপতির সর্বময় ক্ষমতার বিষয়ে কোনো সংশোধনী প্রস্তাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এরকম প্রস্তাবও আছে। আবার পাল্টা প্রস্তাবও আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24