ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এত্তো সুদর্শন ছেলেটির চেহারার একটা খুঁত নিয়ে এখনো খুঁতখুঁতানি আছে তার বাবার, "ও দেখতে এতো সুন্দর যে অনেক মেয়েই ওর পেছনে ঘুরঘুর করেছে। কিন্তু ওর নাকের পাশে কালো দাগটাই পছন্দ হয় না আমার। ৭ বছর বয়সে বাথটাবে সাবানে গা মাখিয়ে শ্যাডো করতে গিয়ে পড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত ডাক্তারও ভালো চিকিৎসা করেনি। দাগটা তাই রয়েই গেছে।" ওই বয়সেই অতি ক্রিকেট প্রেম সেদিনের সেই সাত বছরের শিশুর চেহারায় স্থায়ী চিহ্ন রেখে গেছে ঠিকই, তবে রোশন মহানামার আন্তর্জাতিক ক্রিকেটেও দাগ কেটে রেখে যাওয়াও তো ওই প্রেমেরই ফসল। তাই ছেলের কীর্তির বয়ান দিতে গিয়ে বাবা ডক্টর উপালি মহানামার চোখে-মুখে দেখা যায় অন্যরকম আনন্দের ঝিলিক।
ষাটোর্ধ্ব এই ভদ্রলোকের পরিচয় তিনি ইন্টারন্যাশনাল মার্কেটিং কনসালটেন্ট এবং কর্পোরেট ট্রেনার। এবার বাংলাদেশেও এসেছেন সেই পরিচয়েই। যদিও তার এখানে আসা-যাওয়া ঢাকা-চট্টগ্রাম-ঢাকা করার মতোই অনেকটা। বললেন, "ঠিক কতোবার এসেছি হিসাব নেই। তবে ২৫ বারের কম হবে না।" গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও সিমেন্সের মতো প্রতিষ্ঠানের কর্মীদের 'কর্পোরেট ম্যানেজমেন্ট স্কিল' নিয়ে বিস্তারিত ধারণা দিয়ে যাওয়া উপালি এবার এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে। বিসিবির স্টাফরা তার মনোযোগী ছাত্র। কিন্তু কখনো কখনো পেশাগত পরিচয় ছাপিয়ে উপালি হয়ে ওঠেন শুধুই মহানামার বাবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে তার সঙ্গে কথা বলতে যাওয়াও তো সেকারণেই।
বাবা যেহেতু, তাই সিনিয়র মহানামার স্টকে এমন অনেক গল্পই থাকার কথা যেগুলো ক্রিকেট সমাজের অজানা। তেমন কিছু আছে কিনা জানতে চাওয়াতে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন, "রোশন কখনো বোলার হওয়ার চেষ্টা করেনি কেন জানেন?" দৃষ্টিতে কৌতূহল ধরতে পেরে গড়গড় করে বলে গেলেন বিস্তারিত, "ছোটবেলা থেকেই রোশন অধিনায়কত্ব করত। সেটা অনুর্ধ্ব-১৩, ১৫, ১৭ - সব পর্যায়ে। বোলিং করছে না কেন জানতে চাইলেই বলত, 'বাবা, আমি যদি বল করে মার খাই, তাহলে অন্য বোলারদের কী করে ভালো বল করার কথা বলবো?' রোশনের বোলিং নিয়ে মাথা না ঘামানোর পেছনের গল্প এটাই।"
১৯৮৬- তে টেস্ট অভিষেকের পরপরই ইমরান খান, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, ম্যালকম মার্শাল ও কার্টলি অ্যামব্রোসদের মতো বাঘাবাঘা সব ফাস্ট বোলারকে সামলেছেন রোশন মহানামা। এই মানসিক শক্তি নাকি শৈশবেই সঞ্চয় করা হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার হয়ে টানা বারো বছর ইনিংস ওপেন করা এই ওপেনারের। তার সময়ের অন্যতম সেরা এই স্টাইলিশ ব্যাটসম্যানের দুর্দমনীয় মানসিকতার একটা গল্পও শোনা গেল তার বাবার মুখ থেকে, "অনুর্ধ্ব-১৩ ক্রিকেটের একটা ম্যাচের কথা খুব মনে পড়ছে। তখন ওর বয়স ১১। ব্যাটিংয়ের সময় চোখের নীচে বল লেগে রক্ত ঝরছিল ভীষণ। রক্ত দেখে ওর মা-ও খুব আপসেট হয়ে গিয়েছিল। মাকে সরিয়ে দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, 'ঠিক আছো কিনা?' ও 'ঠিক আছি' বলেই রক্ত-টক্ত মুছে আবার ব্যাটিং করতে নেমে ফিফটি করেছিল।"
আর বোলিং করেন না বলে তা পুষিয়ে দেওয়ার জন্য দুর্দান্ত ফিল্ডার হওয়ার স্বপ্নও পূরণ হয়েছিল রোশন মহানামার। সেজন্য ছোটোবেলায় বাড়ীর গ্যারেজে রাবারের বল ছুঁড়ে 'রিফ্লেক্স' বাড়ানোয়ও শ্রম দিয়েছেন অনেক। আর ভালো খেলে যখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন, তখনই বাবা উপালি ঘটিয়ে ফেললেন দৃষ্টান্ত স্থাপন করার মতো ঘটনা। শ্রীলঙ্কার ডিভিশন থ্রি' এবং সেদেশের কর্পোরেট ক্রিকেটে খেলা উপালি তখন বোর্ডের স্পনসরশিপ ও আম্পায়ার্স কমিটির থেকে পদত্যাগ করে ফেললেন, "রোশন নিজের যোগ্যতায় দলে ঢুকলেও বলা হত বাবার কারণেই...। উপমহাদেশে এটা তো একটা রীতিই। তাই সরে গিয়েছিলাম।" বুদ্ধিমানের কাজ করেছেন বটে। এই উপমহাদেশে তো এরকম ঘটনা একদম বিচিত্র নয়। বাংলাদেশেও তো নির্বাচক হয়ে নিজের ছেলেকে জাতীয় দলে ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা আছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24