ঢাকা, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচটা তাদের পক্ষে অনেক বড় ব্যবধানেই জেতা সম্ভব ছিল। কিন্তু ইংল্যান্ড সফররত দক্ষিণ আফ্রিকা তিনদিনের ম্যাচে জয় নয়, ব্যাটিং প্র্যাকটিসে মনোযোগী হওয়াতেই ড্র করা সম্ভব হল বাংলাদেশ 'এ' দলের পক্ষে। শেষদিনের চা বিরতির ঘন্টাখানেক আগপর্যন্ত ব্যাটিং করা প্রোটিয়ারা ৬৩৭ রানের এক টার্গেট দেয় জুনায়েদ সিদ্দিকীর দলকে। এরপর তামিম ইকবালের (৬৫) ফিফটিতে 'এ' দল ২ উইকেটে ৯৭ রান তুলে বাকি সময়টা নিরাপদেই পার করে দেয়।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪২৯ রান তুলে দক্ষিণ আফ্রিকা দান ছেড়ে দেওয়ার পর 'এ' দল গুটিয়ে যায় মাত্র ১২১ রানেই। তবুও ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা প্রোটিয়ারা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৩২৮ রান তুলে। সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স (১০০ রান করে অবসর নেন) এবং রবিন পিটারসন (১০৩*)। এর আগে ৫৫ রান করে আহত হয়ে অবসর নিয়েছেন জ্যাক কালিস। ভালো ব্যাটিং প্র্যাকটিস হয়েছে পেসার আন্দ্রে নেলেরও। আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস হাফসেঞ্চুরি (৫৬) করেছেন তিনি।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২৫০ঘ.
bdnews24