২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন না গেইল!

অনেক দিন ধরেই দুঃসময়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বসবাস। সুসময় ফিরিয়ে আনার আশায় ক্রিস গেইলের ওপরে অধিনায়কের দায়িত্ব দিলেও তাতে লাভ হয়নি তেমন। উল্টো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এখন অধিনায়ক গেইলকে হারানোর আশঙ্কায় জর্জরিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ত্রিনিদাদ, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন ধরেই দুঃসময়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বসবাস। সুসময় ফিরিয়ে আনার আশায় ক্রিস গেইলের ওপরে অধিনায়কের দায়িত্ব দিলেও তাতে লাভ হয়নি তেমন। উল্টো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এখন অধিনায়ক গেইলকে হারানোর আশঙ্কায় জর্জরিত। শনিবার 'ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এক্সপ্রেস' পত্রিকার সঙ্গে কথা বলার সময় সেই আশঙ্কাই ফুটে উঠলো ডব্লআইসিবি'র প্রধান নির্বাহী ড. ডোনাল্ড পিটার্সের কণ্ঠে, "আমি আশঙ্কা করছি অধিনায়কত্বের জন্য সে (গেইল) হয়তো আর বিবেচনা করবে না নিজেকে।" ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে এ ব্যাপারে গেইলের কাছ থেকে এখনো তারা কোনো আনুষ্ঠানিক চিঠি বা মন্তব্য পায়নি। ক্যারিবীয়দের পরবর্তী অ্যাসাইনমেন্ট সেপ্টেম্বরের চ্যাম্পিয়ন্স ট্রফি। অধিনায়কত্বকে বোঝা মনে করলে গেইলকে দোষ না দেয়াই উচিৎ। যথারীতি এ মৌসুমটাও ভালো কাটছে না ক্যারিবীয়দের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা, তিন টেস্টের সিরিজে হেরেছে ০-২ ব্যবধানে। শেষ দুটো ওয়ানডেতে তো দল নির্বাচন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন গেইল। অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিধর দলের বিপক্ষে এক সঙ্গে বেশ কয়েকজন তরুণকে দলে নেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অধিনায়ক হিসাবে অবশ্য একেবারে ব্যর্থ বলা যাবে না তাকে। গেইলের নেতৃত্বে খেলা পাঁচটি টেস্টের দুটোতে জয় পেয়েছে ক্যারিবীয়রা। আর ১৭টি ওয়ানডের মধ্যে জিতেছে ৭টিতে। এর মধ্যে গত বছর ইংল্যান্ড সফরে এবং এ বছর দেশের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে দুটো ওয়ানডে সিরিজ জয়ও আছে। তবে এক বছরের অধিনায়ক-জীবনের একটা বড় অংশ চোটের কারণে বাইরেও কাটাতে হয়েছে গেইলকে। এ বছরের শুরুতে বুড়ো আঙ্গুল ও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। খেলতে পারেননি ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এও। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.