২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালি- মেন্ডিসের কাছে ১ ইনিংস ও ২৩৯ রানে হেরে গেল ভারত

ম্যাচ শুরুর আগে সবাই যখন অজন্তা মেন্ডিস বনাম শচীন টেন্ডুলকারদের লড়াইটা কেমন হবে সেই চিন্তায় ব্যস্ত তখন মুত্তিয়া মুরালিধরন নিশ্চয়ই মনে মনে হেসেছেন। টেস্ট ক্রিকেটের সফলতম বোলার দলে থাকতে অন্য কাউকে নিয়ে এত মাতামাতি! সেটা যে খানিকটা অন্যায় ছিল কলম্বো টেস্টের তৃতীয় আর চতুর্থ দিনেই তা বুঝিয়ে দিয়েছেন মুরালিধরন। তার ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে ২২৩ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে আত্মসমর্পণ করেছে মাত্র ১৩৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

কলম্বো, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ শুরুর আগে সবাই যখন অজন্তা মেন্ডিস বনাম শচীন টেন্ডুলকারদের লড়াইটা কেমন হবে সেই চিন্তায় ব্যস্ত তখন মুত্তিয়া মুরালিধরন নিশ্চয়ই মনে মনে হেসেছেন। টেস্ট ক্রিকেটের সফলতম বোলার দলে থাকতে অন্য কাউকে নিয়ে এত মাতামাতি! সেটা যে খানিকটা অন্যায় ছিল কলম্বো টেস্টের তৃতীয় আর চতুর্থ দিনেই তা বুঝিয়ে দিয়েছেন মুরালিধরন। তার ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে ২২৩ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে আত্মসমর্পণ করেছে মাত্র ১৩৮ রানে। পরিণামে কলম্বো টেস্টে ১ ইনিংস ও ২৩৯ রানে হেরে গেছে তারা। প্রথম ইনিংসে ৮৪ রানে ৫ উইকেট পাওয়া মুরালিধরন এবার মাত্র ২৬ রানে নিয়েছেন ৬ উইকেট, ফলে ক্যারিয়ারে ২১তম বারের মতো ম্যাচে ১০ উইকেট পাওয়া হয়ে গেছে তার। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। অজন্তা মেন্ডিসও খুব কম যাননি। প্রথম ইনিংসে ৭২ রানে ৪ উইকেট নেয়া শ্রীলঙ্কার এই নতুন সেনসেশন এ ইনিংসেও চমৎকার বল করে তার অভিষেক টেস্টকে স্মরণীয় করে রেখেছেন। এবার ৬০ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে নুয়ান কুলাসেকারা ১ উইকেট পেয়েছিলেন। এবার মুরালি-মেন্ডিস জুটি আর কাউকে সে সুযোগ দেননি। শুক্রবার ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। শেবাগ (২৫), গম্ভীর (৩৯), দ্রাবিড় (১৪), টেন্ডুলকার (২৭),গাঙ্গুলী (২৩) আর কার্তিককে (৯) হারিয়ে বসা অনিল কুম্বলের দলের ফলোঅন এড়াতে তখনো ২৪২ রান দরকার ছিল। সকালে প্রায় অসম্ভব সেই চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানের মধ্যে ভিভিএস লক্ষণ (৫৬) ফিফটি করলেও অনিল কুম্বলে (১) মেন্ডিসের শিকার হয়ে যান কোনো রান যোগ না করেই। হরভজন (৯) আর জহিরও (৫) পারেননি তেমন কিছু করতে। তবে ইশান্ত শর্মা (১৩*) অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন লক্ষণকে। এই দুজনের শেষ উইকেট জুটির ৩৫ রানের সুবাদেই প্রথম ইনিংসে দু'শ পেরোয় ভারত। মুরালিধরন টেস্ট ক্যারিয়ারে ৬৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট না নিলে, অজন্তা মেন্ডিস অভিষেকেই তার প্রতিভার ছাপ না রাখলে হয়তো আরো অনেক দূর যেতো সফরকারীরা। তবে দ্বিতীয় ইনিংসে তারা মুরালি-মেন্ডিস জুটির কাছে যেভাবে নাস্তানাবুদ হয়েছে তাতে সেই আফসোস করা অমূলক। শেবাগ (১৩), লক্ষণ (২১), গম্ভীর (৪৩), টেন্ডুলকার (১২), গাঙ্গুলী (৪), দ্রাবিড় (১০), কার্তিক (০), কুম্বলে (১২), হরভজন (১৫) বা জহির খানরা (৩) তো শ্রীলঙ্কার দুই স্পিনারের বোলিংয়ের কোনো জবাবই খুঁজে পাননি পুরো ইনিংসে! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭৪২