২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে গ্রায়েম স্মিথও দুশ্চিন্তায়

পাকিস্তান সফর নিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের যখন ঘোর আপত্তি ছিল তখনো সেখানে যেতে দ্বিধা করেনি দক্ষিণ আফ্রিকা। গত অক্টোবরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল প্রোটিয়ারা। অথচ সেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে এখন মহা দুশ্চিন্তায়! সেখানকার নিরাপত্তা নিয়ে ভীষণ সংশয়ে গ্রায়েম স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

লন্ডন, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান সফর নিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের যখন ঘোর আপত্তি ছিল তখনো সেখানে যেতে দ্বিধা করেনি দক্ষিণ আফ্রিকা। গত অক্টোবরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল প্রোটিয়ারা। অথচ সেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে এখন মহা দুশ্চিন্তায়! সেখানকার নিরাপত্তা নিয়ে ভীষণ সংশয়ে গ্রায়েম স্মিথ। গত অক্টোবরে সফরশেষে পাকিস্তান ছাড়ার কয়েক দিন পরই দেশটিতে জরুরী অবস্থা জারি হয়েছিল। তার পর থেকে সেখানকার পরিস্থিতি দিন দিনই খারাপ হচ্ছে। এক বোমা হামলায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বোমা বিস্ফোরণ সেখানে নিত্তনৈমিত্তিক ঘটনা। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পাকিস্তানে যাবার কথা ভেবে স্মিথ রীতিমতো আতঙ্কিত। তার সতীর্থরাও নাকি সেখানে যাওয়ার কথা চিন্তা করেই ভয়ে অস্থির, "খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে বলতে পারি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি আমরা। পাকিস্তানে এখন অনেক কিছুই ঘটছে। নিরাপত্তা জনিত দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যখন সেখানে গিয়েছিলাম তার পর থেকে এমন অনেক কিছু ঘটেছে যার জন্য আমরা এখন ভীষণ আশঙ্কায়। সাধারণভাবে এটাই সব খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি। জানি না এমন কোনো খেলোয়াড় আছে কি না যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আশঙ্কামুক্ত নয়।" ৯ মাস আগে পাকিস্তানে কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হলেও সফরশেষে সেখানে জরুরী অবস্থা জারির কথা ভুলে যাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেই সঙ্গে সেখানে নিত্যদিনের বোমা হামলা স্মিথের দুর্ভাবনা বাড়িয়ে দিয়েছে বহু গুণ, "এখন করাচিতে, লাহোরে বোমা হামলা হচ্ছে। (আমরা দেশে ফেরার) তিন দিনের মধ্যে সেখানে জরুরী অবস্থা জারি হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেখানকার পরিস্থিতি কত দ্রুত খারাপ হয়ে পড়ছে।" স্মিথের কথাগুলো যেন টনি আইরিশের মন্তব্যেরই প্রতিধ্বনি। আগের দিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আইরিশ বলেছিলেন আইসিসি'র পাকিস্তানকেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে ঘোষণা করায় খেলোয়াড়রা ভীষণ হতাশ। সেই সঙ্গে তিনি আশা করেছিলেন ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে দল পাঠানো হবে কি না তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবে 'ক্রিকেট সাউথ আফ্রিকা' বা সিএসএ। স্মিথও জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও সিএসএ'র প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার ওপরেই ছেড়ে দিচ্ছেন তিনি, "খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের টনি আইরিশ এবং জেরাল্ডের মতো মানুষ এটা নিয়ে কাজ করছেন। তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। খেলোয়াড় হিসাবে আমাদের কী অনুভূতি তা জানিয়ে তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তাদের ওপরে আমরা আস্থাশীল।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৭ঘ.