ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৮ উইকেটে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জয় ছাড়া অন্য কিছুর কথা নিশ্চয়ই ভাবেনি ডার্বিশায়ার। প্রথম ইনিংসে বাংলাদেশ 'এ' দলের ব্যাটিং ব্যর্থতায় তারা ২৮৪ রানের লিডকেই যথেষ্ট বলে মনে করেছিল এবং এখানেই ভুল হয়ে গেল তাদের। ডার্বিতে তিনদিনের ম্যাচের শেষদিনে রুদ্ধশ্বাস নাটকীয়তার পর ম্যাচটা জুনায়েদ সিদ্দিকীর দলই জিতে নিয়েছে ১ উইকেটে।
জয় থেকে যখন ৬ রান দূরে, তখনই জয়টা অনিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ 'এ' দলের। শেষদিকে একাই বাংলাদেশের জেতার আশার সলতে জ্বালিয়ে রাখা মোশাররফ হোসেন রুবেলের (৩১) আউট হওয়ার পর ম্যাচ অনেকটা ডার্বিশায়ারের দিকেই চলে গিয়েছিল। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান সাজিদুল ইসলাম (৫*) ও রুবেল হোসেন মিলে (১) মিলে দলকে ইংল্যান্ড সফরে দলকে প্রথম জয়ের আনন্দ থেকে বঞ্চিত হতে দেননি।
৬ উইকেটে ২৯৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার সাহস দেখিয়েছিল ডার্বিশায়ার। এরপর বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৯০ রানেই। তবে বোলাররা ম্যাচে 'এ' দলকে ফিরিয়ে আনেন। বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান (৩/৪৯) ও রুবেল হোসেনের (২/৪৬) দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ডার্বিশায়ার তবু ১৭৬ রানে ইনিংস ঘোষণার সাহস দেখায় মূলত প্রথম ইনিংসে 'এ' দলের ব্যাটিংয়ের হাল দেখেই।
তামিম ইকবাল (৬০) ও অধিনায়ক জুনায়েদের (২৫) ৮৪ রানের ওপেনিং জুটি তাদের ভুল ভাঙ্গাতে শুরু করে। এরপর মুশফিকুর রহিম (৩৬), ধীমান ঘোষ (৪১) ও মোশাররফদের ব্যাটিং জয়ের প্রায় তীরে নিয়ে যায়।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩৪০ঘ.
bdnews24