ঢাকা, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মুশফিকুর রহিম একাই লড়াই করে গেছেন। তবে তাতেও খুব একটা কাজ হয়নি। ডার্বিশায়ারের বিপক্ষে তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৯০ রানেই। ৬ উইকেটে ২৯৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা ডার্বিশায়ার চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৩৮ রান। ঝড়ো গতিতে রান তুলে দান ছেড়ে দিয়ে বুধবার শেষদিনে জেতার চেষ্টা নিশ্চয়ই করবে তারা। ইতিমধ্যেই ১৩৮ রানের লিড নেওয়া হয়ে গেছে তাদের।
২ উইকেটে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ 'এ' দল এদিন নিয়মিত বিরতিতেই হারিয়েছে উইকেট। শুরুটা হয়েছে অধিনায়ক জুনায়েদ সিদ্দিকীকে (২৪) দিয়ে। এরপর রকিবুল হাসানও (০) প্রথম বলেই আউট হয়ে যাওয়ায় ৫৫ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় 'এ' দল। সেখান থেকে ৭৩ রানে যেতেই ৬ উইকেট নেই সাকিব আল হাসান (৩৩) ও ধীমান ঘোষের (০) বিদায়ে। টেল এন্ডারদের নিয়ে এরপর দলকে টেনেছেন মুশফিক। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫০ রান করা মুশফিকের ব্যাটিংই শুধু দলকে ১৯০ রানে পৌছে দেওয়ায় ভূমিকা রাখেনি, রেখেছে দুই পেসার ডলার মাহমুদ (২৪) ও সাজিদুল ইসলামের (২৫*) মূল্যবান ইনিংস দুটোও।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.
bdnews24