২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিকানা স্থির হবে বৃহস্পতিবার

আয়োজন একরকম শেষ করেই বসে আছে অথচ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পাকিস্তান। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দেয়াতেই এ অবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

দিল্লি, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়োজন একরকম শেষ করেই বসে আছে অথচ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পাকিস্তান। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দেয়াতেই এ অবস্থা। তাই সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ আয়োজন অন্য কোথাও সরিয়ে নেয়ার কথাও বিবেচনাধীন রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। শেষ পর্যন্ত কোথায়, পাকিস্তানে নাকি অন্য কোথাও -- এ প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার। সেদিন এক টেলিকনফারেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রতিযোগী দেশের প্রতিনিধিদের মতামত জেনে আয়োজক নির্ধারন করবে আইসিসি। এই সিদ্ধান্ত নিতে আইসিসির একটা প্রয়াস ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। গত রোববার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটা সভা হয়েছে। সে সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসরে নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো এবং চলতি মাসেই হয়ে যাওয়া এশিয়া কাপে নেয়া সকল নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের জানান। তারপরও কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। বরং এশিয়া কাপ ফাইনালের রাতেই যে ইসলামাবাদে বোমা বিস্ফোরণ হয়েছে সে প্রসঙ্গ ওঠায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে মতামত জানাতে দ্বিধান্বিত হয়ে পড়েন। সে কারণেই বৃহস্পতিবারের টেলিকনফারেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮১৩ ঘ.