লিডস, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন সেঞ্চুরি করেছিলেন অ্যাশওয়েল প্রিন্স। রোববার সেঞ্চুরি পেলেন এবি ডি ভিলিয়ার্সও। দু জনের দুটো দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে হেডিংলি টেস্টের নিয়ন্ত্রণ এখন দক্ষিণ আফ্রিকার হাতে। রোববার তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের স্কোর ৫ উইকেটে ৩৮৪ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২০৩ রানে শেষ করে দেয়া প্রোটিয়ারা ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট জয়ের স্বপ্নও দেখতে পারছে।
৪ উইকেটে ৩২২ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকানদের এমন সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে প্রিন্স-ডি ভিলিয়ার্সের ২১২ রানের জুটি। দ্বিতীয় দিনশেষে প্রিন্স ১৩৪ ও ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৭০ রানে। সেখান থেকে দলকে ৩৫৫ রানে নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন দু জনে। রোববার প্রিন্স অবশ্য বেশি দূর যেতে পারেননি। আরো ১৫ রান করে অভিষিক্ত প্যাটিনসনের বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি। তার ২৮৪ বলে ১৪৯ রানের ইনিংসটা গড়ে উঠেছে ১৭টি বাউন্ডারি ও দুটি ছক্কায়।
তবে ডি ভিলিয়ার্সের মনঃসংযোগে চিড় ধরাতে পারেননি ইংলিশ বোলাররা। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে তিনি ১০৩ রানে অপরাজিত আছেন। ২৭২ বলে অনেক ধৈর্য্য নিয়ে গড়া যে ইনিংসে বাউন্ডারি মাত্র ১১টি। অন্য প্রান্তে ৮ রান নিয়ে ব্যাট করছেন মার্ক বাউচার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪১ঘ.
bdnews24