ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চূড়ান্ত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচী। গত বছরের ডিসেম্বরে দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। এবার কিউইরা ফিরতি সফরে আসছে আগামী ৪ অক্টোবর। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরের এই সিরিজেও থাকছে দুটো টেস্ট এবং তিনটি ওয়ানডে।
ঢাকায় আসার পর দু'দিন বিশ্রাম নিয়ে কিউইরা ৭ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচের ভেন্যু এবং প্রতিপক্ষ কোনোটাই এখনো ঠিক হয়নি। ৯ ও ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটো ওয়ানডে খেলে নিউজিল্যান্ড দল যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে ১৪ অক্টোবর। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর থেকে। আর ২৫ অক্টোবর থেকে সিরিজের শেষ টেস্টটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০১ঘ.
bdnews24