ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের সঙ্গে অনুশীলন শিবিরে আছেন তিনি। নিয়মিত ফিটনেস ট্রেনিংয়েও অংশ নিচ্ছেন। কিন্তু ব্যাট ধরার অবস্থা নেই আফতাব আহমেদের। ত্রিদেশীয় কিটপ্লাই সিরিজের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় পাওয়া চোট এখনো ভোগাচ্ছে তাকে। ডাক্তার বলে দিয়েছেন আগামী এক মাসেও ব্যাট তুলে নেওয়া যাবে না। ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজও বেঁধে দেওয়া হয়েছে। এজন্য টরেন্টোর টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং অস্ট্রেলিয়া সফরের জন্য আফতাব আহমেদকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা। বৃহষ্পতিবার ওই দুটো সফরের জন্য ঘোষিত ২১ জনের প্রাথমিক দলে এই টপ অর্ডার ব্যাটসম্যানের না থাকাটাই তাই খুব স্বাভাবিক।
কিছুদিন আগে পাকিস্তানে এশিয়া কাপ খেলে আসা দলের সবাই-ই আছেন প্রাথমিক দলে। এইচএসসি পরীক্ষার জন্য ছুটি নেওয়া সাকিব আল হাসানও ফিরেছেন দলে। কিটপ্লাই কাপ ও এশিয়া কাপ মিস করা এই অলরাউন্ডার এখন বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ইংল্যান্ড সফরে। 'এ' দলের অধিনায়ক জুনায়েদ সিদ্দিকীও আছেন দলে। বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলের আবার নির্বাচকদের বিবেচনায় চলে আসার প্রমাণ তার ২১ জনে থাকা। এদের মধ্যে এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা একজনই আছেন। তিনি সর্বশেষ ঘরোয়া ক্রিকেট মৌসুমে দারুণ পারফরম করা নাঈম ইসলাম। ইংল্যান্ডে 'এ' দলের হয়ে খেলা নাঈমের সঙ্গে ২১ জনে আছেন পেসার নাজমুল হোসেন এবং উইকেটকিপার ধীমান ঘোষও।
২১ জনের প্রাথমিক দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, রকিবুল হাসান, অলক কাপালি, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, ফরহাদ রেজা, ডলার মাহমুদ, মোশাররফ হোসেন, মেহরাব হোসেন জুনিয়র, নাজিমউদ্দিন, মুশফিকুর রহিম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ এবং জুনায়েদ সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24