২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজে মেন্ডিসকে বড় সমস্যা মনে করেন না কুম্বলে

শ্রীলঙ্কা না ভারত, কে জিতবে সেটা যেন কোনো প্রশ্নই নয়। অজন্ত মেন্ডিসের ঘূর্ণি জাদুর উপযুক্ত জবাব শচীন টেন্ডুলকাররা কতটা দিতে পারেন তা দেখার জন্যই কৌতুহলী সবাই। তাই ভারতীয় দল কলম্বো পৌঁছাতেই এ নিয়ে কথা বলতে হয়েছে অনিল কুম্বলেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কলম্বো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শ্রীলঙ্কা না ভারত, কে জিতবে সেটা যেন কোনো প্রশ্নই নয়। অজন্ত মেন্ডিসের ঘূর্ণি জাদুর উপযুক্ত জবাব শচীন টেন্ডুলকাররা কতটা দিতে পারেন তা দেখার জন্যই কৌতুহলী সবাই। তাই ভারতীয় দল কলম্বো পৌঁছাতেই এ নিয়ে কথা বলতে হয়েছে অনিল কুম্বলেকে। ভারত অধিনায়ক সোজাসোজুই বলেছেন, দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা থাকতে টেস্ট সিরিজে মেন্ডিস খুব বড় আতঙ্ক হয়ে উঠতে পারবেন বলে তিনি মনে করেন না। অভিজ্ঞদের মধ্যে আবার মিডল অর্ডার ব্যাটসম্যানদেরই মেন্ডিসের যোগ্য জবাব হিসেবে ভেবে রেখেছেন কুম্বলে, সে কারণেই বোধহয় কুম্বলেকে তুলে ধরতে হলো টেন্ডুলকার, সৌরভ, দ্রাবিড়দের রেকর্ড " আমাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটে একত্রে ৩০ হাজারেরও বেশি রান করেছেন। একশ'রও বেশি টেস্ট ম্যাচ খেলেছেন চারজন।" ক'দিন আগে অজন্তা মেন্ডিস ১৩ রানে ৬ উইকেট নেয়ায় এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। তখন থেকে কুম্বলে-বাহিনীর এই সফর অনেকের কাছেই হয়ে গেছে ভারত- মেন্ডিস লড়াই। কুম্বলে অবশ্য ওয়ানডে আর টেস্ট ক্রিকেটকে ভিন্নভাবে দেখার পক্ষে, তাই ৩ ম্যাচের টেস্ট সিরিজে মেন্ডিস-আতঙ্কে ভোগার কোনো কারণই দেখছেন না, "এমনিতে আমরা সব বোলারকেই সম্মান করি। তাছাড়া ও (মেন্ডিস) আসলেই এমন একজন যার দিকে চোখ রাখা দরকার। তবে টেস্ট ম্যাচ কিন্তু একেবারে অন্যরকম। এখানে খাপ খাওয়ানোর যোগ্যতা আমাদের আছে। টেস্ট ম্যাচে বোলারকে বোঝার জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। সে কারণেই আমি নিশ্চিত যে আমার ব্যাটসম্যানরা এখানে খাপ খাইয়ে নিতে পারবেন।" ভারত তিন টেস্ট ও ৫ ওয়ানডের এ সফর শুরু করছে একটি তিন দিনের ম্যাচ দিয়ে। শুক্রবার সে ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড একাদশ। পুরো সফরে দল ভালো করবে এ ব্যাপারে কুম্বলে বেশ আত্মবিশ্বাসী। তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পূর্ণ শক্তির পেস-আক্রমণ, "জহির খান দলে ফিরেছে। উপমহাদেশের কন্ডিশনে ওর অভিজ্ঞতাটা আমাদের খুব কাজে আসবে। এ ছাড়া সিমার হিসেবে প্রভূত উন্নতি করা ইশান্ত শর্মা আছেন, আছেন হরভজনও। সবমিলিয়ে আমাদের সমন্বয়টা ভালো। বছর খানেক ধরে পারফরম্যান্সেও আমরা বেশ ধারাবাহিক। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭১২ ঘ.