২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ বরখাস্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে শোয়েব আখতার

ডোপিংয়ের অভিযোগ ওঠায় এবার মোহাম্মদ আসিফের প্রতি সবচেয়ে কঠোর আচরণই করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তরুণ এই ফাস্ট বোলারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পিসিবি। মঙ্গলবারই সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। তাতে স্বাভাবিক কারণেই নাম নেই আসিফের। তবে অবাক করে দিয়ে পিসিবির নির্বাচকরা ৩০ জনের এই দলে রেখেছেন শোয়েব আখতারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

করাচি, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডোপিংয়ের অভিযোগ ওঠায় এবার মোহাম্মদ আসিফের প্রতি সবচেয়ে কঠোর আচরণই করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তরুণ এই ফাস্ট বোলারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পিসিবি। মঙ্গলবারই সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। তাতে স্বাভাবিক কারণেই নাম নেই আসিফের। তবে অবাক করে দিয়ে পিসিবির নির্বাচকরা ৩০ জনের এই দলে রেখেছেন শোয়েব আখতারকে। পিসিবি আগেই জানিয়েছিল নিজেকে কলঙ্কমুক্ত করার লড়াইটা একাই লড়তে হবে মোহাম্মদ আসিফকে। মঙ্গলবার আরো কঠোর মনোভাব প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির চিফ অপারেশন্স অফিসার শাফকাত নাগমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিতর্কিত এই ফাস্ট বোলার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো পর্যায়েই খেলতে পারবেন না, "আইপিএল-এর ড্রাগ ট্রাইবুনাল তদন্ত শেষ না করা পর্যন্ত আসিফকে বরখাস্ত করা হয়েছে। আপাতত ও সবধরনের ক্রিকেট থেকে বরখাস্ত।" অবশ্য এ সিদ্ধান্তের বিরুদ্ধে আসিফ আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। আসিফের বরখাস্ত হওয়া যতটা স্বাভাবিক, শোয়েব আখতারের চ্যাম্পিয়ন্স লিগ প্রাথমিক দলে থাকা ততটাই বিস্ময়কর। এর আগেও তাকে একবার প্রাথমিক দলে রেখেছিলেন নির্বাচকরা। পরে পিসিবি জানিয়ে দেয়, ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ না করলে দলে রাখা হবে না তাকে। জরিমানা পরিশোধ করার জন্য প্রাথমিক দল চূড়ান্ত করার তারিখ পিছিয়ে দেয়া হয় ১৫ জুলাই পর্যন্ত। কিন্তু শোয়েব এক্ষুনি জরিমানা পরিশোধ না করার ব্যাপারে একেবারে অনড়। সোমবারই 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আইনজীবি মারফত জানান, আদালতের চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত পিসিবিকে কোনো জরিমানার টাকা দেয়া সম্ভব নয়। মনে হচ্ছিলো, শোয়েব আখতারের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা বোধহয় শেষ। হলো উল্টোটা। শোয়েবের সিদ্ধান্ত জানানোর পরের দিনই ৩০ জনের দলে দেখা গেল তার নাম। শোয়েব আবার এভাবে সুযোগ না পেলে এখন বেশি নজর কাড়তেন মোহাম্মদ আমের, আহমেদ শেহজাদ, আজহার আলী এবং মোহাম্মদ আলী। চারজনই এই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। চারজনের মধ্যে আমেরের সুযোগ পাওয়াটা একটা বিশেষ কারণে উল্লেখযোগ্য। শোয়েবের মতোই রাওয়ালপিন্ডির ছেলে মোহাম্মদ আমের। ক'দিন আগে এক সাক্ষাৎকারে ১৬ বছর বয়সী এই ফাস্ট বোলারের প্রশংসা করেছিলেন ওয়াসিম আকরাম। অবশ্য ৩০ জনের দলে কামরান আকমলের সুযোগ পাওয়াটাও বিস্ময়ের। গত বৃহস্পতিবার ঘোষণা করা দলে তিনি ছিলেন না। এদিকে মোহাম্মদ আসিফ ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় টনক নড়েছে পিসিবির। এবার ৩০ সদস্যের দলের সবারই ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দল : শোয়েব মালিক (অধিনায়ক), মিসবাহ্-উল হক (সহ-অধিনায়ক), সালমান বাট, নাসির জামশেদ, খালিদ লতিফ, আহমেদ শাহজাদ, খুররম মনজুর, ইয়াসির হামিদ, ইউনিস খান, আজহার আলী, বাজিদ খান, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, ফাওয়াদ আলম, মোহাম্মদ হাফিজ, ইয়াসির আরাফাত, মনসুর আমজাদ, শোয়েব আখতার, উমর গুল, মোহাম্মদ আলী, ইফতিখার আনজুম, সোহেল খান, আব্দুর রউফ, ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলী, মোহাম্মদ আমের, কামরান আকমল, শরফরাজ আহমেদ, আব্দুর রেহমান ও সাঈদ আজমল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ঘ.