ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কানাডার টরেন্টোতে টোয়েন্টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ থেকে যাচ্ছে আসলে দুটো দল। একটা মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন জাতীয় দল। অন্যটায় সাবেক ক্রিকেটারদের পাশাপাশি থাকছেন বর্তমানে জাতীয় দলের জন্য বিবেচনায় না থাকা ক্রিকেটাররাও। যারা পাকিস্তান, ওয়েষ্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং স্বাগতিক কানাডাকে নিয়ে আয়োজিত হতে যাওয়া আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের সময় একটা ম্যাচ খেলবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে, যে ম্যাচে খেলার কথা আছে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসদের মতো মহাতারকাদেরও। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশের 'দ্বিতীয়' দলটা গড়ার দায়িত্বে থাকা ফারুক আহমেদ।
ওই টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে খেলার কথা বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কেরও। দীর্ঘ চার বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক অবশ্য এখনই সাবেকদের ওই ম্যাচের দিনক্ষণ জানাতে পারছেন না, "যতোদূর জানি ওই ম্যাচটার নাম হবে ফেস্টিভাল ম্যাচ। খুব সম্ভবত আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে-পরে সুবিধাজনক সময়েই হবে এটা।" প্রসঙ্গত চারজাতির টুর্নামেন্ট ১৪ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৭ আগস্ট। এই টুর্নামেন্টের মতো সাবেকদের ম্যাচটিরও আয়োজক স্পোর্ট ইন্টারন্যাশনাল মার্কেটিং (সিম) নামের পাকিস্তানভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাই। তাদের তরফ থেকেই ফারুককে দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেকদের সংগঠিত করার কাজ।
কিছুদিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ২৫ বছর পূর্তিতে এই অঞ্চলের ক্রিকেটের 'লিজেন্ড অ্যাওয়ার্ড' পাওয়া আকরাম খান ও হাবিবুল বাশারদের বিবেচনায় নেওয়া হচ্ছে না তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ বলে। সাবেক প্রধান নির্বাচক অন্তত এমনই জানিয়েছেন। তবে আতহার আলী খান, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, তুষার ইমরান এবং মোহাম্মদ শরীফদের নিয়ে সাবেক, অর্ধ সাবেক ও তরুণদের সমন্বয়ে দল একটা প্রায় দাঁড় করিয়েই ফেলেছেন ফারুক। এই ম্যাচ খেলে তারা কী পাচ্ছেন, এ প্রশ্নের জবাবে সাবেক প্রধান নির্বাচক বললেন, "ভালো অঙ্কের প্রাইজমানি আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24