লাহোর, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডোপিংয়ের কলঙ্ক তার জীবনে নতুন কোনো ঘটনা নয়। ২০০৬এ চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে পিসিবি'র উদ্যোগে করা এক ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছিলেন মোহাম্মদ আসিফ। সেবার পিসিবি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করলেও পরে আপিল করে সেই শাস্তি থেকে অব্যাহতি পেয়ে যান তিনি। কিন্তু এবার বির্তকিত এই ফাস্ট বোলারকে কোনো ধরনের ছাড় না দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে আসিফের ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার খবরটা পেয়ে তারা ভীষণই ক্ষুব্ধ। ক্ষোভের সঙ্গেই পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে নিজেকে কলঙ্কমুক্ত করার লড়াইটা একাই লড়তে হবে আসিফকে। ২৫ বছর বয়সী ফাস্ট বোলারকে কোনো ধরনের সাহায্য করতে তারা একেবারেই অনিচ্ছুক।
"ডোপপাপীদের ব্যাপারে আমাদের নীতিমালা একেবারেই পরিষ্কার। বোর্ড (পিসিবি) আসিফকে কোনো ধরনের সহযোগিতা দেবে না। এবং এই লড়াই তাকে একাই লড়তে হবে। এই খেলোয়াড়কে (আসিফকে) দেখে মনে হচ্ছে সে বড় ধরনের বিপদেই পড়েছে। দ্বিতীয় বার ড্রাগ নেয়ার অভিযোগ ওঠা মানেই আজীবন নিষেধাজ্ঞা"--- পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'দ্য নিউজ'-এর সঙ্গে কথা বলার সময় এভাবেই আসিফকে নিয়ে বিরক্তি প্রকাশ করলেন পিসিবি'র চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমি। 'বি' অর্থাৎ দ্বিতীয় নমুনাও পজিটিভ হলে আসিফের ওপরে সারা জীবনের নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে রাখলেন তিনি।
পিসিবি'র অবশ্য কোনো দোষ নেই। আসিফকে নিয়ে কম ঝামেলায় তো পড়তে হয়নি তাদের! দু বছর আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা তো আছেই। গত মাসে নিষিদ্ধ বস্তু (সম্ভবত ড্রাগ!) সঙ্গে রাখার অভিযোগে আসিফ যখন দুবাই বিমানবন্দরে ধরা পড়লেন তখনো তার পাশে দাঁড়িয়েছিল পিসিবি। সব ধরনের আইনি সহযোগিতা দিয়ে ১৯ দিন পর তাকে ছাড়িয়েও এনেছিল তারা। কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় পিসিবি আর আসিফকে বিন্দুমাত্র সাহায্য করতে রাজি নয়। এমনকি দুবাইয়ে আটক থাকার সময় আসিফের পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেটাও তার কাছে ফেরত চেয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
তবে পিসিবি এখন আসিফের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও এই ঘটনার জন্য তাদেরকেই দায়ী করছেন আমির সোহেল। পাকিস্তানের সাবেক ওপেনার এবং বর্তমানে টিভি ধারাভাষ্যকার সোহেলের মতে, ২০০৬এ আসিফ ও শোয়েব আখতারের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ ন্যানড্রোলন নেয়ার অভিযোগ ওঠার পরও তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত ছিল চরম হঠকারী ঘটনা, "আমার প্রশ্ন হলো সেবার কী করেছিল পিসিবি? ২০০৬এ নিষিদ্ধ ড্রাগ নিয়ে আসিফ ও শোয়েব আখতার পজিটিভ হওয়ার পর কী পদক্ষেপ নিয়েছিল বোর্ড? তারা কি ঘরোয়া ক্রিকেটে ডোপ টেস্ট চালু করেছিল? পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে বোর্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত দুটো বছর ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ সময়। এবারো কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২৪ঘ.
bdnews24