লন্ডন, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম তিন দিন আধিপত্য দেখিয়ে, দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করিয়েও লর্ডস টেস্টে জিততে পারেনি ইংল্যান্ড। তিনটি সেঞ্চুরির সুবাদে ইংলিশদের রুখে দিয়ে ম্যাচটা ড্র করেছে প্রোটিয়ারা। অবশ্য সোমবার জয় না পাওয়ার হতাশা নিয়ে প্রথম টেস্ট শেষ করেই একটা সুখবর পেয়েছে মাইকেল ভনের দল। আগামী শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। দেড় বছর পর টেস্ট দলে 'ফ্রেডি'কে ফিরে পাওয়ায় ইংলিশদের উচ্ছ্বসিত হওয়ারই কথা।
গত বছরের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ফ্লিনটফ। তার পর ওয়ানডে খেললেও চোটের কারণে টেস্ট খেলার সুযোগ তার হয়নি। ২০০৫-এ ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নায়ককে সবচেয়ে বেশি ভুগিয়েছে বাঁ গোড়ালি। তবে সেখানে চতুর্থ অস্ত্রোপচার করিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। এ মৌসুমে ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারের হয়ে তার পারফরম্যান্সও দুর্দান্ত। 'ক্রিকেটের মক্কা' লর্ডসে টানা ছয়টি টেস্ট ড্র করার পর তাই ফ্লিনটফকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিতে দেরি করেননি ইংল্যান্ডের নির্বাচকরা। তিনি ফেরায় ১২ জনের দল থেকে বাদ পড়েছেন পেসার ক্রিস ট্রেমলেট।
দীর্ঘ দিন পর প্রিয় 'ফ্রেডি'কে ফিরে পাওয়ায় ভন দারুণ আনন্দিত। তবে তাই বলে প্রত্যাশার পারদটা অনেক উঁচুতে তুলে দিতে রাজি নন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, "ফ্রেডিকে দলে ফিরে পাওয়ার কথা সব সময়ই ছিল আমার মনের মধ্যে। তবে সে (টেস্ট) থেকে ১৮ মাস বাইরে ছিল। সে তো আর জাদুকর নয় যে এসেই সবাইকে একেবারে উড়িয়ে দেবে। ১৮ মাস অনেক দীর্ঘ সময়। তার হয়তো মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪০৫ঘ.
bdnews24