২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষেই টেন্ডুলকারের রেকর্ডটা চান কুম্বলে

ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে। বাকি শুধু একটাই এবং সেটা একজন টেস্ট ব্যাটসম্যানের কাছে পরম আরাধ্য, সবচেয়ে সম্মানজনক। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের সেই রেকর্ড থেকে শচীন টেন্ডুলকার এখন হাত-ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। সেজন্য দরকার আর মাত্র ১৭২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

চেন্নাই, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে। বাকি শুধু একটাই এবং সেটা একজন টেস্ট ব্যাটসম্যানের কাছে পরম আরাধ্য, সবচেয়ে সম্মানজনক। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের সেই রেকর্ড থেকে শচীন টেন্ডুলকার এখন হাত-ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। সেজন্য দরকার আর মাত্র ১৭২ রান। অনিল কুম্বলের দৃঢ় বিশ্বাস শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন তিন টেস্টের সিরিজেই এই রান করে ব্রায়ান লারাকে পেছনে ফেলতে পারবেন 'ব্যাটিং জিনিয়াস'। এর পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ দিন পর সাফল্যের ব্যাপারেও ভারতের টেস্ট অধিনায়ক দারুণ আত্মবিশ্বাসী। টেস্টে রেকর্ড ৩৯টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার বেশ কিছু দিন ধরেই প্রতিযোগিমূলক ক্রিকেটের বাইরে। কুঁচকির চোটের কারণে গত মাসে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় কিটপ্লাই কাপে খেলতে পারেননি, ছিলেন না এশিয়া কাপের দলেও। 'টিম ইন্ডিয়া' দুটো টুর্নামেন্টেরই ফাইনালে হেরে যাওয়ায় ভারতের ক্রিকেট-পাগল মানুষের মতো টেন্ডুলকারও ভীষণ হতাশ হয়েছিলেন। তবে সেই হতাশা পেছনে ফেলে এখন তিনি শ্রীলঙ্কা-মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। ক্রিকেট বিশ্বের মতো কুম্বলেও টেন্ডুলকারের আরেকটি কীর্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, "আমি নিশ্চিত শচীন এই সিরিজেই মাইলফলকটা পেরিয়ে যাবে। এটা ব্যক্তিগতভাবে শুধু তার জন্যই নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও একটা বিশাল অর্জন হবে। প্রত্যেকটা অর্জন শুধু ব্যক্তিগতভাবেই নয়, দলের জন্যও একটা বিরাট ব্যাপার।" টেন্ডুলকারের অর্জন নিয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি শ্রীলঙ্কায় সাফল্য পেতেও দৃঢ় প্রতিজ্ঞ কুম্বলে। শ্রীলঙ্কা সফরে এর আগে চারটি টেস্ট সিরিজে মাত্র একবার জয়ের দেখা পেয়েছিল ভারত। ২০০১ সালে সর্বশেষ সফরে তারা হেরেছিল ২-১ ব্যবধানে। তবে এবার সে সব ব্যর্থতাকে পেছনে ফেলে সাফল্য পেতে উদগ্রীব ভারতের টেস্ট অধিনায়ক, "গত দুই/তিন বছরে টেস্ট দল হিসাবে আমরা সত্যিই খুব ভালো করেছি। এখন আমরা শ্রীলঙ্কার চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। সিরিজটা সহজ হতে যাচ্ছে না ঠিকই তবে আমাদের ভালো খেলে সিরিজ জয়ের ক্ষমতাও আছে।" মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয়া ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শুক্রবার থেকে। তিন দিনের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কান বোর্ড একাদশ। কলম্বোতে ২৩ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.