২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্বাসের সঙ্গে বিসিবির বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর

চুক্তি পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মোমেন বলছিলেন, "নিম্বাসের সঙ্গে আমাদের সমঝোতাটা বেশ ক্লান্তিকর ছিল।" তা হওয়ারই কথা। আলোচনার টেবিলে দেন-দরবারে নিজেদের স্বার্থরক্ষায় দু'পক্ষই বেশ সোচ্চার থাকার পর অবশেষে রোববার সন্ধ্যায় দীর্ঘমেয়াদে গাঁটছড়া বাঁধলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিম্বাস স্পোর্ট ইন্টারন্যাশনাল প্রা: লি:। হোটেল শেরাটনে ছয় বছর মেয়াদী চুক্তি (২১ নভেম্বর ২০০৬ থেকে ৩১ মার্চ ২০১২) পাকাপাকি হওয়ার পর সংবাদ সম্মেলনে মোমেন হাসিমুখেই বললেন, "আমরা অনেক কিছু আদায় করতে সক্ষম হয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চুক্তি পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মোমেন বলছিলেন, "নিম্বাসের সঙ্গে আমাদের সমঝোতাটা বেশ ক্লান্তিকর ছিল।" তা হওয়ারই কথা। আলোচনার টেবিলে দেন-দরবারে নিজেদের স্বার্থরক্ষায় দু'পক্ষই বেশ সোচ্চার থাকার পর অবশেষে রোববার সন্ধ্যায় দীর্ঘমেয়াদে গাঁটছড়া বাঁধলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিম্বাস স্পোর্ট ইন্টারন্যাশনাল প্রা: লি:। হোটেল শেরাটনে ছয় বছর মেয়াদী চুক্তি (২১ নভেম্বর ২০০৬ থেকে ৩১ মার্চ ২০১২) পাকাপাকি হওয়ার পর সংবাদ সম্মেলনে মোমেন হাসিমুখেই বললেন, "আমরা অনেক কিছু আদায় করতে সক্ষম হয়েছি।" এতোদিন 'হেডস অফ এগ্রিমেন্ট' এর মাধ্যমে পরিচালিত এই চুক্তি নিয়ে অনেক অভিযোগ ছিল। এর মধ্যে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ অন্যতম। অভিযোগকারীদের মধ্যে এমনকি বিসিবির বর্তমান অ্যাডহক কার্যনির্বাহী কমিটিরও কেউ কেউ ছিলেন। পর্যালোচনা কমিটির নামে তাই তদন্ত কমিটিই গঠন করা হয়েছিল। সেরকম কিছু যে পাওয়া যায়নি তা আরো অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। তবে এদিন যখন আনুষ্ঠানিকভাবে এবিষয়ে জানতে চাওয়া হল, তখন বিসিবি কর্মকর্তাদের কথায় অন্য সুর। চুক্তি নিয়ে অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল মাহবুব আনামের নেতৃত্বাধীন বিসিবির কার্যনির্বাহী কমিটি, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারকে এগিয়ে নিতে যারা সরে দাঁড়িয়েছিলেন। দীর্ঘমেয়াদী চুক্তিতে সই-স্বাক্ষর হয়ে যাওয়ার পর এবার তাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া যায় কিনা, এ প্রশ্নে বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বললেন, অন্যকথা "সত্যি কথা বলতে কী, গত বোর্ডে কী দুর্নীতি হয়েছে বা না হয়েছে, বিষয়টাকে এভাবে দেখে আমরা কাজ করিনি। আমরা চেয়েছি বিসিবির পক্ষে এই চুক্তিটাকে যথাসম্ভব শক্তিশালী করতে।" সুস্পষ্ট উত্তরের আশায় চুক্তি পর্যালোচনা কমিটির প্রধান মোমেনের শরণাপন্ন হওয়ার পরও একই অবস্থা। "অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যত হারাতে হবে"- উইনস্টন চার্চিলকে উদ্ধৃত করে এমন একটা কিছু বলে যখন তিনি প্রশ্নটা এড়াতে চাইছিলেন তখনই মাইক্রোফোন তুলে নিলেন নিম্বাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়ানিক কোলাসো। তার কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচতে পারেন মাহবুব আনামরা, "আসলে এই উপমহাদেশে বড় কোনো চুক্তি হলেই তার মধ্যে অন্যরকম কিছু খোঁজাটা একটা নিয়মেই পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা টেন্ডারে সর্বোচ্চ দর দিয়েই এই চুক্তিটা করেছি। আমার প্রতিষ্ঠানের হয়ে আমি মিলিয়ন-মিলিয়ন ডলারের চুক্তি করি। এটুকু বলতে পারি এটাই আমার সবচাইতে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে করা চুক্তি।" ওই কথার পর শেরাটনের বলরুমে বেশ হাততালি পেলেন ইয়ানিক কোলাসো। কিছুক্ষণ আগে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও কোলাসো মিলে যে চুক্তিতে সই করলেন, তাতে পর্যাপ্ত হাততালি পাওয়ার দাবিদার মোমেনের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটিও। এলএফএ'তে (লং ফর্ম এগ্রিমেন্ট) উৎপাদন ব্যয় (প্রোডাকশন কস্ট) কমিয়ে ১৫.৩১ মিলিয়ন ইউএস ডলারে নামিয়ে আনা হয়েছে। প্রাথমিক চুক্তিতে এই অঙ্কটাই ছিল ১৯ মিলিয়ন ডলারের বেশি। ছয় বছরের চুক্তি থেকে বিসিবির পাওয়ার কথা ৫৬.৮৮ মিলিয়ন ইউএস ডলার। এখান থেকে উৎপাদন ব্যয় হিসেবে এখন ১৫.৩১ মিলিয়নের বেশি কেটে রাখতে পারবে না নিম্বাস। অর্থাৎ পুর্নাঙ্গ চুক্তির আগে বিসিবির আয়ের অঙ্ক বাড়ানো নিশ্চিত হয়েছে উৎপাদন ব্যয়ের সীমা কমিয়ে আনায়। এর আগে আটটি সিরিজকে 'লোকসানী প্রকল্প' হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবার সেটাকে কমিয়ে চারে আনা হয়েছে। এছাড়া আরো যা যা আদায় করে নেওয়া গেছে নিম্বাসের কাছ থেকে, সেগুলো মোমেনের মুখ থেকেই একে একে শুনে নেওয়া যাক : "হেডস অফ এগ্রিমেন্টে আমাদের নিম্বাসের হিসাব দেখার ক্ষমতা ছিল না। কিন্তু এখন আমরা ওদের হিসাব মনিটর করার সুযোগ পাচ্ছি। বছরে দুইবার আমরা পাঁচদিনের নোটিশে নিম্বাসের হিসাব দেখতে চাইতে পারবো।" "আরেকটা বড় রকমের আদায় আছে আমাদের। আমরা দায়িত্ব নেওয়ার পর দেখলাম জিম্বাবুয়ে সিরিজে আপলিংক চার্জ হিসেবে ৬৬ হাজার ডলার কেটে রাখা হয়েছে। কিন্তু এখন থেকে আপলিংক চার্জ, স্যাটেলাইট স্পেস এবং আন্তর্জাতিক গেটওয়েতে ঢোকার ডাউনলিংক- এধরনের সব খরচ নিম্বাসই বহন করবে।" "কোনো কারণে খেলার তারিখ পরিবর্তন হলে বা বাতিল হলে যাতে গ্যারান্টি মানিটা ঠিক থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। ২২ দিন আগে যদি আমরা জানিয়ে দিতে পারি যে খেলাটা হচ্ছে না, তাহলে ওরা 'অ্যালাওয়েবল এক্সপেন্স' হিসেবে টাকা কাটতে পারবে না। ১৮ দিন আগে জানিয়ে দিলে কাটতে পারবে ২৫%, ১৪ থেকে ১৮ দিনের মধ্যে হলে ৫০% কাটতে পারবে।" আদায় করতে গিয়ে কিছু ছাড়ও অবশ্য দিয়েছে বিসিবি। কোনো আইনগত ঝামেলা হলে সিঙ্গাপুরের আদালতেই ফয়সালা করার যে দাবি জানিয়ে আসছিল নিম্বাস, সেটা মানা হয়েছে। আবার নিম্বাসও নিজ খরচে আন্তর্জাতিক পরিমন্ডলে বিসিবির ব্র্যান্ডিং করতে সম্মত হয়েছে। নিম্বাসের সঙ্গে দীর্ঘ দেন-দরবারের পর বিসিবির স্বার্থরক্ষা যেমন হয়েছে, তেমনি ঝুঁকিও কমেছে অনেক। কিন্তু এই চুক্তি নিয়ে অভিযোগ প্রমাণ করা যায়নি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী'কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অভিযোগ থাকলে কিন্তু প্রমাণ করতে হয়। কারণ অভিযোগ সত্যিও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এবার আপনারা বুঝে নিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.