করাচি, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব আখতারকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির ঝামেলা এখনো অব্যাহত। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে শোয়েবকে রেখেছেন পাকিস্তানের নির্বাচকরা। শুক্রবার ছিল দল ঘোষণার শেষ দিন। কিন্তু শোয়েবের জন্য দল ঘোষণা করতে পারেনি পিসিবি! 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' এখনো ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ করেননি বলেই প্রাথমিক দল ঘোষণা করা সম্ভব হয়নি পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।
লাগাতার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত এপ্রিলে শোয়েবকে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। শোয়েব আপিল করলে নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে আনে আদালত। গত সপ্তাহে লাহোরের আদালত ১৮ মাসের ওই নিষেধাজ্ঞাকেও স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ জাতীয় দলে খেলতে আপাতত কোনো সমস্যা নেই বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের। তবে নিষেধাজ্ঞা স্থগিত করলেও জরিমানা বহাল রেখেছে আদালত। আর এটা নিয়েই যত বিপত্তি। আইসিসি শুক্রবার প্রাথমিক দল ঘোষণার শেষ সময়সীমা বেধে দিলেও শোয়েব জরিমানা শোধ করেননি বলে ঘোষণাটা দিতে পারেনি পিসিবি। এ ব্যাপারে পিসিবির মুখপাত্রর বক্তব্য, "১৫ জুলাইয়ের মধ্যে দল ঘোষণা করা হবে। কারণ ১৪ জুলাইয়ের মধ্যে জরিমানা শোধ করার জন্য শোয়েব আখতারের কাছে নোটিশ পাঠিয়েছে বোর্ড। দেরিতে দল ঘোষণার জন্য আইসিসির কাছ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুমোদন পেয়েছি আমরা। শুধু মাত্র জরিমানা পরিশোধ করলেই শোয়েবের নাম বিবেচনা করা হবে।"
শোয়েবের আইনজীবি আবিদ হাসান মিন্টো অবশ্য জানিয়েছেন তার মক্কেলকে কখনোই জরিমানা শোধ করার জন্য বলা হয়নি, "তারা (পিসিবি) তাকে (শোয়েবকে) জরিমানা শোধ করতে না বলা পর্যন্ত তো তিনি সামনে এগিয়ে যেতে পারেন না। কারণ মামলাটা এখনো আদালতে বিচারাধীন আছে।" মিন্টো আরো জানিয়েছেন জরিমানা শোধ না করা পর্যন্ত শোয়েবকে জাতীয় দলে বিবেচনা না করার কথা আদালতও বলেনি।
শোয়েবের মতোই মোহাম্মদ আসিফের প্রাথমিক দলে থাকার খবরটা দারুণ বিস্ময়ের জন্ম দিয়েছে। নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে দুবাইয়ে ১৯ দিন আটক ছিলেন আসিফ। দেশে ফিরে জানতে পেরেছেন দুবাই বিমানবন্দরের কর্মকর্তারা তার বিরুদ্ধে শেষ পর্যন্ত সঙ্গে ড্রাগ রাখার কোনো অভিযোগ না আনলেও পিসিবি বিষয়টি তদন্ত করে দেখবে। শুক্রবার পিসিবির চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমি জানিয়েছেন দোষী সাব্যস্ত হলে চূড়ান্ত দলে জায়গা হবে না আসিফের, "দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়ার পর কমিটি তাদের কাজ শুরু করবে। তবে সে (আসিফ) দোষী প্রমাণিত হলে (চ্যাম্পিয়ন্স ট্রফির) চূড়ান্ত দলের জন্য তাকে বিবেচনা করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২০ঘ.
bdnews24