করাচি, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেটের এক টালমাটাল সময়ে অধিনায়কত্ব পেয়েছিলেন শোয়েব মালিক। শুরুতে পাকিস্তানের আরো অনেকের মতো ওয়াসিম আকরামও আশায় বুধ বেঁধেছিলেন মালিককে নিয়ে। কিন্তু এখন পাকিস্তান অধিনায়কের ওপরে বেশ ক্ষুব্ধ ও বিরক্ত আকরাম। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'-কে দেয়া এক সাক্ষাতকারে মালিকের অধিনায়কত্বের খোলাখুলি সমালোচনাই করেছেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার।
'শুরুতে আমি ভেবেছিলাম তার (মালিকের) যথেষ্ট দক্ষতা আছে। কিন্তু এখন আমি তাকে নিয়ে সন্দিহান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ও প্রায় প্রত্যেক ম্যাচেই ১০ ওভার বল করেছে। তার চেয়ে কিছুটা কম করেছে বাংলাদেশের সঙ্গে সিরিজে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ও বলই করছে না। আপনারা কি মনে করেন কেউ এটা লক্ষ্য করছে না? মানুষ কিন্তু ঠিকই লক্ষ্য করছে"--- এক সময় অফস্পিনার হিসাবে পাকিস্তান দলে সুযোগ পাওয়া মালিকের ইদানিং বোলিংয়ে অনাগ্রহের এভাবেই সমালোচনা করলেন আকরাম। এর পর ক্ষোভ জানালেন তার অধিনায়কত্ব নিয়ে, "দলনেতা কেমন করছে তা বেশির ভাগ খেলোয়াড়ই লক্ষ্য করে থাকে। শোয়েব মালিককে তা জানতে হবে। একটি ম্যাচে (আব্দুর) রউফ তিন উইকেট পেলেও তাকে পরের ম্যাচে খেলানো হয়নি। এটা তো অধিনায়কের ভুল, নির্বাচকদের নয়।"
কয়েক দিন আগে প্রথম একাদশ নির্বাচন নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মালিক। তার অভিযোগ ছিল নির্বাচকরা নাকি হস্তক্ষেপ করেন দল নির্বাচনের সময়। পাকিস্তান অধিনায়কের এই অভিযোগও 'ভিত্তিহীন' বলে মনে হচ্ছে আকরামের। এ প্রসঙ্গে সাবেক অধিনায়কদের সময়কে টেনে এনেছেন ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক, "এখন সে বলছে নির্বাচকরা নাকি প্রথম একাদশ ঠিক করে দেন। কিন্তু আমি জানি পাকিস্তানে এক জন অধিনায়ক ব্যক্তিত্বসম্পন্ন হলে নির্বাচকরা এ ব্যাপারে কিছুই করতে পারেন না। আমরা সবাই সেই সময়ের ভেতর দিয়ে এসেছি। আমি, ইনজামাম, ইমরান (খান), (জাভেদ) মিয়াঁদাদ আমরা সবাই একাদশ ঠিক করতাম। হয়তো ১৪/১৫ জনের দল নিয়ে কিছুটা আপোষ করতে হতো।"
মালিকের সমালোচনার পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটকে এক জন প্রতিশ্র"তিশীল পেসারের সন্ধানও দিয়েছেন আকরাম। রাওয়ালপিন্ডির ১৬ বছর বয়সী এই পেসার মোহাম্মদ আমের তার মতোই বাঁহাতি। গত মে মাসে ফাস্ট বোলারদের একটি ক্যাম্প পরিচালনার সময় আমেরকে 'আবিষ্কার' করা আকরামের অভিমত, "সে খুবই প্রতিভাবান।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৮ঘ.
bdnews24