কলম্বো, ১০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (শ্রীলঙ্কা ক্রিকেট)-এর সঙ্গে ক্রিকেটারদের বিরোধ ভারতের আসন্ন শ্রীলঙ্কা সফরকেই ঠেলে দিচ্ছিল অনিশ্চয়তার দিকে। তবে আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওই সফর নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। বৃহস্পতিবার এসলসির নির্বাহি বোর্ডের জরুরি সভায় সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিরোধের মূল কারণ ক্রিকেটারদের বেতন নিয়ে অসন্তোষ। সভায় শ্রীলঙ্কান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা গ্রেম লেব্রয় জানান, " সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। " লেব্রয় আরো জানান, আগের অঙ্গীকার অনুযায়ী সিনিয়র ক্রিকেটারদের বেতন অপরিবর্তিত থাকলেও জাতীয় ও 'এ' দলের জুনিয়র ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। তবে সিনিয়র-জুনিয়র সবারই টেস্ট ম্যাচের ফি বাড়িয়ে এশিয়ার টেস্ট খেলুড়ে অন্যান্য দেশের পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
সভায় ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট আরো কিছু বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটারদের কলাম লেখা বা মিডিয়ায় অন্য কোনো কাজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কলাম লেখা বা অন্য কোনো কাজ আচরণবিধি মেনেই করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৪৩ ঘ.
bdnews24